বগুড়া ও নারায়ণগঞ্জে বেপরোয়া শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, সিলেট ও নারায়ণগঞ্জে ব্যাপক যানবাহন ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরতালের খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:চট্টগ্রাম: নেতা-কর্মীরা ভোর থেকেই নগরের চান্দগাঁও থানাধীন কামালবাজার, বাকলিয়ার শাহ আমানত সেতু সংযোগ সড়ক, চান্দগাঁও মাজার গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার ও বিএনপির নগর কার্যালয়ের সামনে জড়ো হন। ভাঙচুর করেন কমপক্ষে ১০টি যানবাহন। চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ যদি রাজপথে নেমে আমাদের প্রতিরোধ করতে চায়, তাহলে তা গৃহযুদ্ধে রূপ নেবে।’ বেলা সোয়া ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি তেলবাহী লরিতে অগ্নিসংযোগ করেন ছাত্রশিবিরের কর্মীরা। বগুড়া: সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলির সিলিমপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে হরতাল-সমর্থকেরা রডবোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করেন। বিকেলে গোকুলে ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজিচালিত চারটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। একই সময়ে ভাঙচুর করা হয় একটি ট্রাক।রাজশাহী: সকাল ছয়টার দিকে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় টায়ার জ্বালানো হয়। পুলিশ ধাওয়া দিলে শিবিরের কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ও রাবার বুলেট ছুড়ে জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে।নারায়ণগঞ্জ: ভোর ছয়টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ৪০-৫০টি টায়ার ও ফোমের স্তূপে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর করা হয় ৮-১০টি যানবাহন। পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় দেলপাড়া এলাকায় নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি বাস পুড়িয়ে দেন শিবিরের কর্মীরা। বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকায় মুখোশ পরা ৮-১০ জন আনন্দ পরিবহনের একটি বাস ভাঙচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুনে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, কড়া নিরাপত্তার মধ্যে জামায়াত-শিবির বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্তভাবে চোরাগুপ্তা হামলা চালিয়েছে।সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দাহ্য পদার্থ ঢেলে দুটি অটোরিকশা পুড়িয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জন সামন্ত বলেন, আটককৃতদের ব্যবহূত মুঠোফোন জব্দ করে দেখা গেছে, খুদেবার্তার মাধ্যমে হামলা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।