বগুড়া ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বগুড়া ও লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ঢাকা থেকে রংপুরগামী একটি কাভার্ড ভ্যান আজ সকাল পৌনে আটটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের বাঘোপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং স্থানীয় রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তির পর একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৬ জন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার আটকরিয়া গ্রামের মিল্লাত হোসেন (২০) এবং গাবতলী উপজেলার কাগইলের সাজু (৩২)। কাভার্ড ভ্যানটি জননী কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের হয়ে পণ্য পরিবহন করত।হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।লক্ষ্মীপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ ভোরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের কাদিরাগোঁজা নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও বালুভর্তি একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর চারজন আহত হন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিগা গ্রামের হাফেজ হানিফ (৫০) ও একই এলাকার ইব্রাহিম (৩৫)।লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।