বগুড়া ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বগুড়া ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় বগুড়া-রংপুর মহাসড়কে মাটিডালী মোড় ও শিবগঞ্জ থানার চণ্ডিহারা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।বগুড়া সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে জেলার সোনাতলা থেকে বগুড়া শহরমুখী যাত্রীবাহী একটি বাস চণ্ডিহারা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুজন যাত্রী নিহত এবং ১০ জন আহত হন। প্রায় একই সময়ে বগুড়া থেকে রংপুরমুখী যাত্রীবাহী একটি বাস মাটিডালী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে চাপা পড়ে টাটা কোম্পানির কর্মচারী লিটু মিয়া (২৮) নিহত এবং বাসের ১০ জন যাত্রী আহত হন।পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ বাস দুটি আটক করেছে। তবে বাসের চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন।এদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের চারা বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম লাভলু সরদার (৩৫)।দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।