বগুড়া ও সিরাজগঞ্জে হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল সোমবার বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। একই দাবিতে আজ মঙ্গলবার জয়পুরহাট, টাঙ্গাইল, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও ফেনীতে হরতাল ডেকেছে জেলা বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ফরিদপুরে আজ ও কাল দুদিনের হরতালের ডাক দিয়েছে জেলার বিভক্ত বিএনপি। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগ ও কবিরহাট এবং পিরোজপুর ও নওগাঁয় বিক্ষোভ করেছে ছাত্রদল। এ ছাড়া তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে কাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: বগুড়া: হরতাল চলাকালে সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকার বীরশ্রেষ্ঠ স্কয়ারের কাছে বিএনপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিএনপির সমাবেশ পণ্ড করে দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে বিএনপি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিল বের করে। মিছিল শহরের সাতমাথায় গিয়ে ট্রাফিক আইল্যান্ডের কাছে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শুরু হলে উপস্থিত নেতাদের নাম ঘোষণা করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমের নাম বাদ যাওয়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বীরশ্রেষ্ঠ স্কয়ারের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সমাবেশ পণ্ড করে দেয়। সিরাজগঞ্জ: হরতাল চলাকালে সদর উপজেলার এলজিইডি মোড়ে পিকেটাররা চলন্ত একটি মোটরসাইকেলে হামলা চালায়। এ ঘটনায় মোটরসাইকেলের চারজন আরোহী আহত হন। তাঁদের মধ্যে মোটরসাইকেলের চালক মো. আবদুল্লাহকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ধুনট (বগুড়া): ধুনটে হরতাল চলাকালে গতকাল পিকেটাররা ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ভটভটি, নছিমনসহ কমপক্ষে ২৫টি গাড়ি ভাঙচুর করে। আজ হরতাল: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ টাঙ্গাইল, কুমিল্লা, লক্ষ্মীপুর ও ফেনীতে জেলা বিএনপি এবং মাদারীপুরে ছাত্রদল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এ ছাড়া জয়পুরহাটে জেলা বিএনপি সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এবং রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল অর্ধদিবস হরতাল ডেকেছে। তবে এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে দলগুলোর সূত্রে জানানো হয়েছে। দুই দিন হরতাল: ফরিদপুরে আজ মঙ্গলবার ও কাল বুধবার পৃথকভাবে দুই দিন আট ঘণ্টা করে হরতাল আহ্বান করেছে বিভক্ত জেলা বিএনপি। বিভক্ত বিএনপির উভয় অংশই দুটি কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে। বিক্ষোভ: পিরোজপুর ও নওগাঁয় জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল হয়। টাঙ্গাইলে শিবির কর্মী আটক: টাঙ্গাইলের ভূয়াপুরে শিবিরের চারজন কর্মীকে আটক করে পুলিশ। গতকাল সকালে উপজেলার বরকতপুর এলাকা থেকে পোস্টার লাগানোর সময় তাদের আটক করা হয়।