বগুড়া ছাত্রলীগের ৩ মাসেও নতুন কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা প্রায় তিন মাস হলো বিলুপ্ত করা হয়েছে। কিন্তু এখনো কোনো কমিটি গঠন করা হয়নি। এমনিতেই জেলায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ছিল স্থবির। তার ওপর কমিটি বিলুপ্ত করার পরে ছাত্রলীগের নামে চলছে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ অনৈতিক কর্মকাণ্ড। কমিটি না থাকায় এসব অনৈতিক কাজ দেখারও কেউ নেই। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এতে শুভাশীষ পোদ্দার সভাপতি ও সুলতান মাহমুদ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিরোধ শুরু হয়। যে কারণে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। বিগত জোট সরকারের শাসনামলেও কমিটি গঠন করা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবি ওঠে। এ বছরের ২ জুলাই বগুড়ার আমিনুল হক দুলাল অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সম্মেলনে সাংগঠনিক বাধা অতিক্রম করতে ২০০৫ সালের কমিটিকে সম্মেলনের চার দিন আগে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে অনুমোদন দেওয়া হয়। সম্মেলনের সব আয়োজন যখন ঠিকঠাক, তার এক দিন আগেই স্থগিত করা হয় বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি। পরে দলের কেন্দ্রীয় কমিটি পরিস্থিতি বিবেচনা করে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ছাত্রলীগের এ কমিটি বিলুপ্ত ঘোষণার পর বিলুপ্ত কমিটির কতিপয় নেতা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ অনৈতিক কাজে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদের প্রতিরোধ করার মতো কেউ নেই বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি জানান, জেলা আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতার ইন্ধনে কতিপয় ছাত্রনামধারী নেতা এসব অনৈতিক কাজ করছেন। এতে ভাবমূর্তি ক্ষণ্ন হচ্ছে সরকারের। বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভাশীষ পোদ্দার বলেন, জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তাই দলের নাম ভাঙিয়ে কেউ কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অচিরেই মেধাবী, ছাত্রত্ব আছে ও যাঁদের বয়স ২৯ বছরের নিচে তাদের নিয়ে কেন্দ্র থেকে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। আগ্রহী প্রার্থীদের জীবন-বৃত্তান্ত কেন্দ্রে আগেই পৌঁছে দেওয়া হয়েছে।