বগুড়ায় একটি হত্যা মামলা আদালতের বাইরে মীমাংসার বিষয়ে জেলা ও দায়রা জজ মফিজুল ইসলাম এবং সরকারি তিন কৌঁসুলির ভূমিকা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত চলাকালে জেলা জজকে বিচারিক কার্যক্রম থেকে এক মাস বিরত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে বিচারিক কাজ থেকে প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দুই ধাপে এই আদেশ দেন। আদালত তিন সরকারি কৌঁসুলিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করে রাখতে বলেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিন কৌঁসুলি হলেন আবদুল মতিন (পিপি), অতিরিক্ত কৌঁসুলি খোদা বকশ তালুকদার (এপিপি) ও সহকারী কৌঁসুলি খায়রুল বাশার। ওই মামলার বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে। জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় চিকিৎসক ইয়াতিমুল হক ওরফে শুভ্র খুন হন। ওই ঘটনায় শুভ্রর দ্বিতীয় স্ত্রী আঙ্গুয়ারা বেগম প্রথম স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। প্রথম স্ত্রী জুলেখা খাতুন সাক্ষীদের বিরুদ্ধে মামলা করেন। এ বিষয়ে গত বুধবার একটি জাতীয় দৈনিকে ‘ডা. শুভ্র হত্যা মামলা ধামাচাপা: ঘাতকদের সঙ্গে দুই স্ত্রীর আপস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটা নজরে এলে হাইকোর্ট বগুড়ার জেলা ও দায়রা জজ এবং পিপিকে তলব করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ১০টায় তাঁরা আদালতে হাজির হন। বেলা সাড়ে ১১টার দিকে শুনানির শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বগুড়া জেলা ও দায়রা জজের দেওয়া রায় পড়ে শোনান। পরে জেলা জজ মফিজুল ইসলাম বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) করা কোনো মামলা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা যায় না। কিন্তু মফস্বলে এ ধরনের ঘটনা ঘটছে। আদালতের বাইরে হত্যা মামলার নিষ্পত্তিও হচ্ছে। আদালত জানতে চান, ‘আপনি মীমাংসার বিষয়টি জানার পর ন্যায়বিচারের জন্য কোনো পদক্ষেপ নেননি কেন?’ জবাবে মফিজুল ইসলাম বলেন, ‘পিপি আমার আদালতে সাক্ষীদের উপস্থাপন করেননি। তথ্য-প্রমাণ ছাড়া কিছু করার ছিল না।’ আদালত বলেন, ‘সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার এখতিয়ার তো আছে।’ একপর্যায়ে মফিজুল ইসলাম ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘পিপিদের মাধ্যমে সাক্ষীদের তলব করতে হয়। পিপি সহযোগিতা না করায় আমার কিছু করার ছিল না।’পিপি আবদুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ মামলাটি আগে এপিপি খোদা বকশ ও খায়রুল বাশার দেখেছেন। এ মামলাটি আমার আদালতে আসার পর সাক্ষী দেওয়ার জন্য কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। তাই তাঁদের সাক্ষ্য গ্রহণ করতে পারিনি। তাছাড়া সমঝোতার কথা আমি বলিনি।’পরে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। এর বাইরে এ বিষয়ে আদালত উপস্থিত কয়েকজন আইনজীবীর বক্তব্য শোনেন। পরে তিন কৌঁসুলির বিষয়ে আদেশ দেন। মধ্যাহ্নবিরতির পর জেলা জজের বিষয়ে আদেশ দেন আদালত।এ ব্যপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, বিচার-প্রক্রিয়ায় জেলা জজের ভূমিকা ও কী ত্রুটি ছিল, তা এক মাসের মধ্যে তদন্ত করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তকালে তাঁকে বিচারিক কাজ থেকে বিরত রাখতে বলা হয়েছে। এ ছাড়া কেন তাঁকে বিচারিক কাজ থেকে প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আর তদন্ত প্রতিবেদন প্রধান বিচারপতিসহ আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া তিন সরকারি কৌঁসুলির ভূমিকা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকালে তাঁদের বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তিনজনের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।