বগুড়া পলিটেকনিক ১০ জুন পর্যন্ত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ১০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত কোনো ক্লাস অনুষ্ঠিত না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীরা ছাত্রাবাস ত্যাগ করেছে।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটের এক ছাত্রকে টিসি দেওয়ায় গতকাল ওই ছাত্র গায়ে কোরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মাহুতির চেষ্টা চালায়। সাধারণ শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ করে এই টিসি প্রত্যাহারের দাবি জানায়। ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ার আশঙ্কায় কর্তৃপক্ষ ১০ জুন পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীরা জানায়, গত ১১ মে তাদের প্রতিষ্ঠানে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয় পেয়ে ইলেকট্রিক বিভাগ বিজয় মিছিল বের করলে পরাজিত সিভিল বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের গঠিত ১০ সদস্যের তদন্ত কমিটি ছয় ছাত্রকে দোষী সাব্যস্ত করে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাঁচ ছাত্রকে ইতিমধ্যে টিসি দেওয়া হয়েছে। সর্বশেষ ইলেকট্রিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোহেল রানাকে টিসি দিয়ে ময়মনসিংহ পলিটেকনিকে ভর্তি হওয়ার নির্দেশ দেওয়া হয়।এ ঘটনায় গতকাল দুপুরে সোহেল রানা গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা এসে তাঁকে উদ্ধার করে। কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক পরিষদের সভায় ক্লাস বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। পলিটেকনিকের উপাধ্যক্ষ খন্দকার গোলাম মোস্তফা বলেন, পাঁচ শিক্ষার্থী টিসি নিয়ে চলে গেছে। এই ছাত্র গোলমাল করার চেষ্টা করেছে। তার অভিভাবককে ডেকে এনে টিসিসহ তাকে ফেরত পাঠানো হবে।