বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের (ইংরেজি মাধ্যম) অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় অভিভাবকেরা স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। শিক্ষকদের মধ্যে বদলি ও স্ট্যান্ড রিলিজ-আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে প্রাইভেট পড়ানোর অভিযোগে এক শিক্ষককে বদলি ও চারজনকে শোকজ করা হয়েছে। এতে করে শিক্ষকেরা ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। ফলে অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বগুড়া শহরের নিশিন্দারা আবাসিক এলাকায় নিরিবিলি পরিবেশে পাঁচ বছর আগে বিয়াম ল্যাবরেটরি স্কুলের কার্যক্রম শুরু করা হয়। এ বিদ্যালয়টি ইংরেজি মাধ্যমের। অভিযোগ করা হয়েছে, গত বছরের জুলাই মাসে এ বিদ্যালয়ে যোগদান করা অধ্যক্ষ নূরুল ইসলাম গত এক বছরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ ব্যাপারে এক অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বগুড়া জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে ১৩ দফা অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের শুরুতে কোচিং সেন্টারে কাজ করা নিয়ে শিক্ষক ও অধ্যক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি অধ্যক্ষ বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালককে জানান। মহাপরিচালক বাইরে শিক্ষকেরা কোচিং করতে পারবেন না বলে জানিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে ওই সব শিক্ষককে কোচিং ক্লাসে যেতে নিষেধ করেন। পরে তাঁরা আর কোচিং ক্লাসে যাননি। পরে এ শিক্ষকদের বিরুদ্ধে অধ্যক্ষ বিয়ামের মহাপরিচালকের কাছে অভিযোগ করলে শিক্ষিকাকে বদলি ও চারজনকে শোকজ করেন। এ ছাড়া শহরের নিশিন্দারা এলাকার এক অভিভাবক ১৮ মে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানের কাছে অধ্যক্ষ নূরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এতে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলারঞ্জন দাসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই তদন্তকাজ শুরু করেছেন। তিনি জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। এ ব্যাপারে বিদ্যালয়ের অধ্যক্ষ নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। এই বিদ্যালয় পরিচালনা করার জন্য ১৭টি উপকমিটি রয়েছে। আয়-ব্যয় সব এসব কমিটি দেখে থাকে। তেমনি ক্রয় কমিটি বিদ্যালয়ের সব কিছু করে থাকে। তিনি জানান, প্রতিষ্ঠানটি বেসরকারি, তাই কোনো কিছু কেনাকাটা করার জন্য দরপত্র আহ্বানের কোনো নিয়ম নেই। ক্রয় কমিটি প্রস্তাব দিলে তা কমিটি অনুমোদন দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তারাই এ কাঠামো করে দিয়েছেন। তিনি বলেন, তাঁকে এখন ভাইস-প্রিন্সিপালের বেতনকাঠামো দেওয়া হয়, যে কারণে এখানে কোনো দুর্নীতির সুযোগ নেই। বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসন থেকে একটি তদন্ত চলছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি তদন্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কোচিং সেন্টার খোলার ব্যাপারে যে শিক্ষকদের শোকজ ও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, তাঁরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। চাকরিবিধি অনুযায়ী, এ বিদ্যালয়ে যাঁরা শিক্ষকতা করেন, তাঁরা কোচিং সেন্টারে শিক্ষকতা করতে পারবেন না।