বগুড়া লেখক চক্রের আয়োজনে জীবনানন্দ দাশ স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপসী বাংলা’র অমর কবি জীবনানন্দ দাশের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বগুড়া লেখক চক্রের উদ্যোগে ২২ অক্টোবর আয়োজন করা এক স্মরণানুষ্ঠান। বগুড়া পৌরপার্কের আনন্দ পায়রায় বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ফখরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। শুরুতেই কবি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুপান্থ মল্লিক। বক্তব্য দেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. তৌহিদুল আলম চৌধুরী, এমরান কবির, তালাশ তালুকদার, সাজ্জাদ সাঈফ, অসীম সরকার, ফাইজুল ইসলাম, সরফরাজ স্বয়ম, শ্যামল শিশির, সরকার সহিদুর রহমান, আমিনুর আকাশ, রানা মাসুদ, উত্তম কুমার, নাফিস আলভী, রূপা দত্ত, স্বাগতা সেন, শারমিন্দ সোমা, মোফাজ্জাল হোসেন প্রমুখ। স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজ কালজয়ী আধুনিক যুগের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি জীবনানন্দের মৃত্যুর ৫৬ বছর পরও তিনি সমকালীন বাংলা কাব্য সাহিত্যের প্রধান কবি হিসেবে অধিষ্ঠিত। তাঁর পরবর্তী প্রজন্মের এমন কোনো কবি নেই, যার কাব্য আরাধনায় জীবনানন্দ দাশের কবিতার প্রভাব বিস্তার করেনি! তিনি কবিতাকে মুক্ত আঙ্গিকে উত্তীর্ণ করে গদ্যের স্পন্দন যুক্ত করেন, যা পরবর্তী কবি-সাহিত্যিকদের প্রবলভাবে প্রভাবিত করেছে। আজও তাঁর কবিতার শব্দ ব্যবহার এবং অধুনা আবিষ্কৃত গদ্যের ভাষা আমাদের ক্রমেই বিস্মিত করে চলেছে!’