বগুড়া লেখক চক্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৫ অক্টোবর বগুড়া লেখক চক্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ জন্য দিনব্যাপী বগুড়া জেলা পরিষদ মিলনায়তন ও চত্বর ছিল কবি-লখকদের মিলনমেলায় ভরপুর। ১৫ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃত জন, সমাজসেবক এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘বগুড়া লেখক চক্র, বগুড়া তথা উত্তরাঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমেই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ বাণিজ্যিক সময়ে আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। সাহিত্য, সংস্কৃতিই পারে এ অবস্থা রোধ করতে।’উদ্বোধনের পর বগুড়া শহরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলের অধিবেশন শুরু হয় স্বরচিত কবিতা পাঠ দিয়ে। বগুড়া লেখক চক্রের সদস্য ছাড়াও স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, নওগাঁ, নোয়াখালী, জয়পুরহাট ও ঢাকার কবিরা। পরে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কামাল লোহানী। তিনি বলেন, রাজধানীতেও যেখানে ২২ বছরের কোনো সাহিত্য সংগঠন নেই, সেখানে বগুড়ার মতো মফস্বল শহরে একটি সাহিত্য সংগঠনের ২২ বছর অতিক্রম করা সত্যিই গর্বের বিষয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছালেক উদ্দিন, তৌফিক হাসান, সাদেকুর রহমান, মুহম্মদ শহীদুলাহ, খন্দকার গোলাম কাদের, তসিকুল ইসলাম, জয়ন্ত দেব, এহসান হাবীব, সাকিল আহাম্মেদ, রেজাউল করিম চৌধুরী, পলাশ খন্দকার, আবদুল্লাহ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে কবিতায় আমিনুল ইসলাম, কথাসাহিত্যে সাজাহান সাকিদার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রবু শেঠকে বগুড়া লেখক চক্র স্বীকৃতি পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে কবি জয়ন্ত দেবের কাব্যগ্রন্থ মনরুপ নিয়ে বাঁচে কবিতাকার-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে আমির খসরুর রচনা ও নির্দেশনায় এবং শুভ ইসলামের উপস্থাপনায় রোড থিয়েটারের নাটক এবং একদিন মঞ্চস্থ করা হয়।