বগুড়া শহরের সেই জায়গা দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার সরকারি জায়গা দখল করেও তা ধরে রাখতে পারলেন না বগুড়া চেম্বার অব কমার্স এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই জমি দখলমুক্ত করে লাল নিশান উড়িয়ে দেন।এর আগে গতকাল প্রথম আলোয় ‘বগুড়ায় আ.লীগ নেতার নেতৃত্বে কোটি টাকার জায়গা দখল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের। সাংবাদিকদের কাছে খবর আসে, দখলের ব্যাপারে সরকারের উচ্চ মহল জেলা প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছে। এরই একপর্যায়ে গতকাল বেলা আড়াইটার দিকে সদর ইউএনও আনোয়ার হোসেন শহরের ঝাউতলা সড়কে বগুড়া চেম্বার ভবনের পাশে বেদখল হওয়া জায়গার কিছু অংশ ভেঙে ফেলেন এবং সেখানে লাল কাপড়ের নিশান উড়িয়ে দেন।এ সময় ইউএনও আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘এই জায়গাটি সরকারি, এটি বেদখল হয়েছিল। জেলা প্রশাসকের নির্দেশে এই জায়গার দখল নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সরকারের জায়গা সরকারের কাছে থাকবে। এটা এখন কাউকে দেওয়া হবে না।’আওয়ামী লীগ নেতার দখল করা ওই জমির মধ্যে আড়াই শতক জায়গা দীর্ঘদিন ধরে ইজারার মাধ্যমে ভোগদখল করছিলেন মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) চৌধুরী ফরিদ আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘জায়গা বেদখল হওয়ার পর আমার ছোট ভাই কামাল মিয়ার স্ত্রী নিলুফার ইয়াসমিন বগুড়া সদর থানায় একটি অভিযোগ নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করে, বগুড়া চেম্বার ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের লোকজন আমার দখলে থাকা জায়গার খুঁটি ভেঙে দখল করছে। কিন্তু পুলিশ অভিযোগটি না নিয়ে বলে সেখানে লোক পাঠানো হচ্ছে।’ ফরিদ আহমেদ বলেন, থানায় অভিযোগ নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন চেম্বারের লোকজন। শুক্রবার সন্ধ্যায় চেম্বারের লোকজন কামালকে ঝাউতলা সড়কে চেম্বার ভবনে ডেকে নিয়ে মারধরসহ নির্যাতন করেন। মাথায় অস্ত্র ঠেকিয়ে নানা রকম ভয়ভীতি দেখান এবং মেরে ফেলার হুমকি দেন। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকসহ একদল পুলিশ সেখানে যায়। পুলিশ কামালের কাছ থেকে জোর করে অভিযোগ তুলে নেওয়ার বিষয়টি লিখে নেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বারের সহসভাপতি এনামুল হক। কামাল জীবন বাঁচাতে সমঝোতায় স্বাক্ষর দিয়ে চলে আসে।এ ব্যাপারে এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যিনি অভিযোগ দিয়েছিলেন তিনি পরে নিজেই পুলিশকে লিখে দিয়েছেন, তাঁদের মধ্যে সমঝোতা হয়েছে। সে জন্য অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। তাঁকে কোনো মারধর করা হয়নি।’যোগাযোগ করা হলে এসআই আবদুর রাজ্জাক বলেন, কামাল মিয়ার কাছ থেকে জোর করে কিছু লিখে নেওয়া হয়নি। তিনি আপসে আগের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।গত শুক্রবার সকালে বগুড়া চেম্বার ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের নেতৃত্বে চেম্বারের লোকজন শহরের ঝাউতলা সড়কে অবস্থিত কয়েক কোটি টাকার প্রায় চার শতক সরকারি জায়গা দখল করেন। পরে তাঁরা রাজমিস্ত্রি দিয়ে জায়গাটিতে ইট বসিয়ে ঘিরে ফেলেন। ওই জায়গাটি দীর্ঘদিন ধরে বগুড়ার প্রাচীন শিল্প প্রতিষ্ঠান তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লে. কর্নেল চৌধুরী ফরিদ আহমেদ ইজারার বিনিময়ে ভোগদখল করছিলেন।