বগুড়া-৩ আসনের সাংসদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ আইনে মামলা
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় দুই মুক্তিযোদ্ধাকে অপহরণ করে হত্যার অভিযোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাংসদ আবদুল মোমিন তালুকদারের (৬৩) বিরুদ্ধে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ বিচার আইনে মামলা হয়েছে।আজ মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-২-এ মামলা দায়ের করেন আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদ আলী।জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম সাবিনা ইয়াসমিন বাদীর অভিযোগ গ্রহণ করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে রেকর্ড করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।সাংসদ আবদুল মোমিন তালুকদার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের মরহুম আবদুল মজিদ তালুকদারের ছেলে।মামলার বাদী আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদ আলী মামলায় উল্লেখ করেছেন, আসামি আবদুল মোমিন তালুকদার ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালে একজন রাজাকার ছিলেন। তিনি (সুবেদ আলী) ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশে এসে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। একপর্যায়ে তিনি বাড়িতে আসেন। এ সময় তাঁদের সহযোগী মুক্তিযোদ্ধা মনসুরুল হক তালুকদার, আবদুস সাত্তার, আবদুল জলিল, আলতাফ হোসেনসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা ধরে নিয়ে যায়। ১৯৭১ সালের ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে আদমদীঘি বাজারের পশ্চিমধারে থারির ব্রিজের উত্তরে শ্মশানঘাটে আবদুল মোমিন তালুকদার রাইফেল দিয়ে গুলি করে মুক্তিযোদ্ধা মনসুরুল হক তালুকদার ও আবদুস সাত্তারকে হত্যা করে। ওই স্থানটি বর্তমানে বদ্ধভূমি হিসেবে চিহ্নিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের পদক্ষেপ নেওয়ায় এবং তিনি একজন মুক্তিযোদ্ধা হওয়ায় আদালতে এই মামলা দায়ের করেন।