বগুড়ার আদমদীঘিতে ১৪৪ ধারা
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারে একই সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগ জনসভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে।আজ শনিবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খান (ইউএনও) ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার জানান, ৩০ নভেম্বর হরতালে তাঁদের কয়েকজন নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ বিকালে চাঁপাপুর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ওই একই স্থানে জনসভার ডাক দেওয়া হয়। বিএনপির প্রতিবাদ সভা ভণ্ডুল করার জন্যই আওয়ামী লীগ পাল্টা জনসভা ডেকেছে বলে অভিযোগ করেছেন তিনি।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রেজা খান বলেন, চাঁপাপুর বাজারে তাঁদের পূর্বনির্ধারিত জনসভা ছিল এবং জনসভার কথা অনেক আগেই প্রচার করা হয়েছিল।আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে কারণে ঘটনাস্থলে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।