বগুড়ার গাবতলীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি হওয়ায় বিএনপি বা যুবলীগ কোনোপক্ষই আজ শনিবার বিকেলে সমাবেশ করতে পারেনি। একই জায়গায় বিএনপি ও যুবলীগ সমাবেশ আহ্বান করায় উপজেলা প্রশাসন আজ এখানে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। গাবতলী থানা বিএনপি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা স্থানীয় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে সমাবেশ ডেকেছিল। গাবতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র মোরশেদ মিলটন জানান, সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উচ্ছেদ করার জন্য আদালতের দেওয়া নোটিশের প্রতিবাদে গাবতলী উপজেলা বিএনপি আজ বিকেলে পৌর এলাকার চারমাথায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এ জন্য গতকাল শুক্রবার থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। কিন্তু আজ গাবতলী উপজেলার যুবলীগের নেতা তারিকুল ইসলাম হত্যার প্রতিবাদে একই স্থানে একই সময়ে যুবলীগ বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ১৪৪ ধারা জারির কথা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেছেন।