বগুড়ার চিকন সেমাই উৎপাদনে ধস
‘বগুড়ার চিকন সেমাই’ নামে পরিচিত দেশজুড়ে, এমনকি এ সেমাই বিদেশেও যায়। ঈদ এলে চিকন সেমাই তৈরিতে সরগরম হয়ে ওঠে বগুড়ার সেমাই তৈরির গ্রামগুলো। কিন্তু চিকন সেমাই যারা তৈরি করে, তারা এ বছর ভালো নেই। এমনিতে ময়দার দাম বেশি; তার ওপর ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সেমাই উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদনে নেমেছে ধস। অনেক শ্রমিক বেকার বসে আছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা।আটা-ময়দার দাম কম থাকা সত্ত্বেও বৃষ্টি ও লোডশেডিংয়ের কারণে গত বছরও চিকন সেমাই উৎপাদনে ধস নেমেছিল। ময়দার দাম এক সপ্তাহ আগেও কম থাকায় সেমাই কারিগরেরা আশা করেছিলেন, এ বছর সেমাই উৎপাদন আশানুরূপ হবে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা ময়দার দাম বেড়ে গেছে তিন শ থেকে চার শ টাকা। বেশি দামে ময়দা কিনেও তাঁরা পড়েছেন বিদ্যুতের সমস্যায়। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সেমাই উৎপাদন করতে পারছেন না তাঁরা। সারা দিনে তিন থেকে চার ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ কারণে সেমাই তৈরির মেশিনের চাকা বন্ধ রয়েছে। বাজারে সেমাই সরবরাহও তুলনামূলকভাবে কমে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর ৫০ ভাগ উৎপাদন কম হবে। ফলে, তাদের লোকসানে পড়তে হবে।সরেজমিনে ঘুরে জানা গেছে, প্রতিবছর রমজান মাস শুরুর আগে থেকেই বগুড়া শহরতলির বেজোড়া গ্রামসহ শহরের কাটনারপাড়া, কালীতলা, ফুলবাড়ি, জয়পুরপাড়া, বারপুর, ঝোপগাড়ি, এরুলিয়া, বানদীঘি, নারুলি, ভাটকান্দি ও মাদলার গ্রামে ধুম পড়ে যেত চিকন সেমাই তৈরির। বিশেষ করে বেজোড়াসহ ১০টি গ্রামের শতাধিক মহিলা এই কাজে নিয়োজিত থাকতেন। কিন্তু এ বছর লোডশেডিংয়ের কারণে অনেক কারখানা চালুই হয়নি।বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে গিয়ে দেখা গেছে, হাতেগোনা কয়েকটি কারখানা চালু রয়েছে। বড় কারখানা অয়ন ফুড প্রোডাক্টসের মজাদার চিকন সেমাই কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে ছয়টি মেশিন রয়েছে। এর মধ্যে তিনটি মেশিন চালু করেছে কারখানার কর্তৃপক্ষ। বিদ্যুৎ না থাকায় বাকি মেশিনগুলো চালু করতে পারছে না। ওই কারখানার তত্ত্বাবধায়ক মো. মেছের আলী জানান, লোডশেডিংয়ের কারণে এ বছর উৎপাদন ৫০ ভাগ কম হবে। চিকন সেমাইয়ের প্রচুর চাহিদা থাকলেও তাঁরা সরবরাহ করতে পারছেন না। তিনি জানান, সাধারণত এ সময়ে কোটি কোটি টাকা ব্যবসা হয়ে থাকে এ খাতে।অয়ন ফুড প্রোডাক্টসের পাশের বেজোড়া শ্যামলাগাঁথি পাড়ার আবদুর রশিদের কারখানায় থেমে থেমে সেমাই তৈরি করা হচ্ছে। এই কারখানায় ছয়জন নারীশ্রমিক কাজ করছেন। আবদুর রশিদ বলেন, অনুকূল আবহাওয়া ও বিদ্যুৎ সরবরাহে একদিনে যেখানে ১৫ থেকে ১৬ খাঁচি (প্রতি খাঁচিতে ২৫ কেজি) সেমাই তৈরি করা হতো, সেখানে এখন তৈরি হচ্ছে চার থেকে পাঁচ খাঁচি। অথচ, গত দুই বছরের তুলনায় এবার সেমাইয়ের চাহিদা বেশি। এই কারখানার শ্রমিক শিউলী বেগম বলেন, বিদ্যুতের জন্যি কাম বন্ধ থাকে বেশির ভাগ।বেজোড়া ঘাটপাড়া গ্রামের মনোয়ারা বেগম জানান, ‘১৭ বছর ধরে এই কাজ করি, এবার খারাপ যাচ্ছে। কারেন্ট থাকে না, কাম হচ্ছে না। শবে বরাত থেকে ঈদ পর্যন্ত গত বছর ৩৫ বস্তার কাম করিছিনু।’ শেউলাগাতি পাড়ার এমরান হোসেন বলেন, ‘কারেন্ট এবার হামাকোরে মারিছে। ব্যবসা করি লাভ হবি না। অডারি মাল ঠিকমতো ডেলিভারি দিবার না পারলে পার্টি কাইটা যাবি। দিনে আট বস্তা কাম হওয়ার কথা, বিদ্যুতের জন্যি হচ্ছে দুই থেকে তিন বস্তা।’