বগুড়ার জেলা ও দায়রা জজ, পিপিকে হাইকোর্ট তলব
বগুড়ার জেলা ও দায়রা জজ, ওই আদালতের পিপিকে (সরকারপক্ষের আইনজীবী) তলব করেছেন হাইকোর্ট। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁদেরকে হাজির হতে বলা হয়েছে। একটি হত্যা মামলায় আদালতের বাইরে মীমাংসার বিষয়ে তাঁদেরকে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় চিকিত্সক ইয়াতিমুল হক ওরফে শুভ্র খুন হন। ওই ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী আঙ্গুয়ারা বেগম প্রথম স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। প্রথম স্ত্রী জুলেখা খাতুন সাক্ষীদের বিরুদ্ধে মামলা করেন। এ হত্যা মামলাটি আদালতের বাইরে মীমাংসা হওয়ার বিষয়ে আজ একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিষয়টি আদালতের নজরে আনেন। এ পরিপ্রেক্ষিতে আদালত ব্যাখ্যা জানতে চেয়ে তাঁদের তলব করেছেন। এ বি এম আলতাফ হোসেন বলেন, ওই মামলা নিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিব্রত বোধ করেন। তখন আদালতের বাইরে বিষয়টি মীমাংসা হয়। পরে জেলা ও দায়রা জজ মামলাটি খারিজ করে দেন।