বগুড়ার জেলা জজ এবং ৩ সরকারি কৌঁসুলির ভূমিকা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শুভ্র হত্যা মামলা আদালতের বাইরে মীমাংসার বিষয়ে জেলা ও দায়রা জজ মফিজুল ইসলাম এবং সরকারি তিন কৌঁসুলির ভূমিকা তদন্তের জন্য আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ তদন্তকালে জেলা জজকে বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওই তিন কৌঁসুলিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত রাখতে বলা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ওই মামলার বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই ধাপে এ আদেশ দেন।ওই তিন সরকারি কৌঁসুলি হলেন পিপি আবদুল মতিন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোদা বকশ তালুকদার ও খায়রুল বাশার। বেলা সাড়ে ১১টায় এ মামলায় তিন কৌঁসুলির ব্যাপারে শুনানি হয়। এ সময় পিপি বলেন, ‘আমি কোনো সমঝোতার কথা বলেনি।’জেলা জজ মো. মফিজুল ইসলাম বলেন, ৩০২ ধারায় (হত্যা মামলা) সমঝোতার কোনো সুযোগ নেই। তবে মফস্বলে এ ধরনের অনেক ঘটনার কথা শুনেছি। আদালতের এক প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করেন। আদালতের নির্দেশ অনুসারে আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম ও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন হাইকোর্টে হাজির হন। গতকাল বুধবার এই বেঞ্চ ওই দুজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন।ওই রুলে একটি হত্যা মামলা আদালতের বাইরে কীভাবে মীমাংসা হয় ও আসামিদের খালাস দেওয়ার বিষয়ে তাঁদের ব্যাখ্যা জানাতে বলা হয়। জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় চিকিত্সক ইয়াতিমুল হক ওরফে শুভ্র খুন হন। ওই ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী আঙ্গুয়ারা বেগম প্রথম স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। প্রথম স্ত্রী জুলেখা খাতুন সাক্ষীদের বিরুদ্ধে মামলা করেন। হত্যা মামলাটি আদালতের বাইরে মীমাংসা হওয়া নিয়ে গতকাল একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে তা উপস্থাপন করতে বলেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।