বগুড়ার সারিয়াকান্দিতে নৌকাডুবিতে নিখোঁজ ৫
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে একটি নৌকা ডুবে যাওয়ার পর থেকে বাবা, ছেলেসহ পাঁচজন নিখোঁজ আছেন। উপজেলার কালিতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ড-নির্মিত গ্রোয়েন-সংলগ্ন ঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। আজ শনিবার সকাল থেকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য কাজ শুরু করেছেন। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন, বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর গ্রামের জাহিদুল ইসলাম (২৮), তাঁর ছেলে জিহাদ (৫) এবং প্রতিবেশী মকবুল (৪০), সাথিয়া রোজী (২০) ও আজমল (২৫)।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদার রহমান জানান, কাহালুর বিবিরপুকুর এলাকার একটি দল এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামে আসে। তাদের মধ্যে ১৫ জন বিকেলে নৌভ্রমণের উদ্দেশ্যে সারিয়াকান্দির কালিতলা ঘাটে যায়। সন্ধ্যা ছয়টার দিকে তারা একটি নৌকায় করে ঘাট ছেড়ে কিছুটা এগোনোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্রোতে নৌকাটি উল্টে যায়। যাত্রীদের মধ্যে ১০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিত্ রায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।