বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ যুবক, খুইয়েছেন সর্বস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ঢাকা থেকে বাড়ি ফিরে আসা বগুড়ার ছয়জন যুবক। তাঁরা এখন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই যুবকদের আজ শনিবার সকাল সাড়ে আটটায় স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বেলা ১২টার দিকে তিনজনের জ্ঞান ফিরে আসে। তাঁরা হলেন—সারিয়াকান্দির কাজলা গ্রামের ছয়ফুল প্রধানের ছেলে মো. ফজলু (৩৫), গাবতলি উপজেলার বালিয়াদীঘি গ্রামের আজিজার রহমানের ছেলে মো. বাদশা (২৮) ও পাবনার বেড়া উপজেলার আলহাজ মোল্লার ছেলে জহুরুল ইসলাম (৩৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত জ্ঞান ফিরে না আসায় অপর তিন যুবকের পরিচয় জানা যায়নি। তাঁদের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রামপদ সূত্রধর জানান, অচেতনমূলক কোনো কিছু খাওয়ানোয় এঁরা জ্ঞান হারান, তবে কারও মৃত্যুর ঝুঁকি নেই।জ্ঞান ফিরে পাওয়া তিন যুবক জানান, তাঁরা ঢাকায় অফিসের পিয়ন ও গার্মেন্টসে চাকরি করতেন। গতকাল রাতে তাঁরা ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে অপরিচিত একজন তাঁদের বিস্কুট ও আরসি কোলা খেতে দেয়। এরপর তাঁদের আর কোনো কিছু স্মরণে নেই। অজ্ঞান পার্টির লোকজন তাঁদের নগদ অর্থসহ সঙ্গে থাকা প্রয়োজনীয় মালপত্র নিয়ে গেছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।