বগুড়ায় অটোরিকশার নিবন্ধনে কোটি টাকার বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, প্রকৃত মালিকদের নিবন্ধন দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা ও আওয়ামী লীগের কয়েকজন নেতা নিবন্ধন দেওয়ার নামে কোটি টাকার বাণিজ্য করেছেন। তাঁরা প্রতিটি নিবন্ধনের জন্য ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন।জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে বগুড়ায় পাইপলাইনে গ্যাস আসার পর সিএনজিচালিত অটোরিকশার প্রচলন শুরু হয়। এসব অটোরিকশা জেলা সদর থেকে গ্রামের বিভিন্ন সড়কে চলাচল করছে। বগুড়া শহরের আয়তন ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে গত বছরের ১৫ এপ্রিল আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভায় সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা দেড় হাজারের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।সিএনজি অটোরিকশা মালিক সমিতির তথ্যমতে, বর্তমানে শহরে নিবন্ধন ও নিবন্ধন ছাড়া সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ছয় হাজার। এই পরিস্থিতিতে সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে নিবন্ধনের দাবি জানানো হয়।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রথম দফায় নিবন্ধনের জন্য চার হাজার ২০০ আবেদন জমা পড়ে। পরে তা বাতিলও করা হয়। কী কারণে তা বাতিল করা হয়, জানা যায়নি। দ্বিতীয় দফায় গত বছরের ৮ নভেম্বর পর্যন্ত দুই হাজার ২১৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে গত ২৯ ডিসেম্বর আরটিসির নিবন্ধনবিষয়ক উপকমিটির সভায় ৩০০ আবেদনের বিপরীতে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়।নিবন্ধনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পরদিনই বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। সমিতির সভাপতি আসাদুর রহমান বলেন, নতুন করে কারা নিবন্ধন পেয়েছেন, বিআরটিএ তা এখনো জানায়নি। উপকমিটির সদস্যরা ৩০০ নিবন্ধনে কোটি টাকার বাণিজ্য করেছেন।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ অভিযোগ করেন, উপকমিটির সদস্যরা সরকারি ফি বাদে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বাবদ ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।একই অভিযোগ কোনো কোনো আবেদনকারীর কাছ থেকেও পাওয়া গেছে। বগুড়ার মাঝিড়া এলাকার অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, তিনি সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে নিবন্ধনের জন্য আবেদন করেছেন। সরকারি ফি ছাড়াই তিনি ৪০ হাজার টাকা দেন। অথচ তাঁকে নিবন্ধন দেওয়া হচ্ছে না।এ ব্যাপারে জানতে চাইলে নিবন্ধনবিষয়ক উপকমিটির সদস্যরা সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। উপকমিটির সদস্য জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির কার্যকরী সদস্য আকতারুজ্জামান বলেন, ‘যাচাই-বাছাই করে ৩০০ অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কমিটির আহ্বায়ক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ বলেন, তাঁর একক সিদ্ধান্তে তালিকা তৈরি হয়নি। সবার সিদ্ধান্তে তালিকা হয়েছে।বিআরটিএ বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন বলেন, সভায় যাচাই-বাছাইয়ের পর ৩০০ আবেদনের নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে সেই তালিকা প্রকাশের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।