বগুড়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-মহাখালী রুটে গত শনিবার রাত থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছেই। আজ সোমবারও রাজধানী ঢাকার সঙ্গে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলা ও রংপুর বিভাগের আট জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।বগুড়া-মহাখালী রুটে শীতাতপ-নিয়ন্ত্রিত নতুন বিলাসবহুল কোচ সার্ভিস চালু নিয়ে বগুড়া কোচ মালিক-শ্রমিকদের সঙ্গে রাজধানীর মহাখালী কোচ মালিক-শ্রমিকদের সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে বগুড়ার বাস মালিক-শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন।এদিকে বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকেরা কাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ, শ্রমিক হয়রানি বন্ধ ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে নতুন করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।কোচ ধর্মঘটের কারণে গতকালও বগুড়া শহরের ঠনঠনিয়া, সাতমাথা ও চারমাথা টার্মিনালে দূরপাল্লার কোচ কাউন্টারগুলো বন্ধ ছিল।শনিবার রাতে বগুড়ার মালিকদের শাহ ফতেহ আলী ও মহাখালীর মালিকদের একতা পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে বগুড়ার নেতারা মহাখালীর মালিকদের বাস-টার্মিনাল থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। আর মহাখালীর মালিকেরাও একইভাবে বগুড়ার বাস-টার্মিনাল থেকে তাড়িয়ে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেন।বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘মহাখালী বাস-টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের বিচার না হওয়া পর্যন্ত বগুড়ার ওপর দিয়ে কোচ চলাচল বন্ধ থাকবে।’মহাখালী বাস-টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘বগুড়ার মালিক-শ্রমিক নামধারী দুই ব্যক্তির কাছে সারা দেশের পরিবহন সেক্টর জিম্মি হয়ে পড়েছে। তাঁদের বিচার না হওয়া পর্যন্ত কোচ চলাচল বন্ধ থাকবে।’বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ আজ সোমবার বলেন, ‘শ্রমিকদের ন্যায়সংগত দাবি আদায়ের লক্ষ্যে চলমান কোচ ধর্মঘটের মধ্যেই আগামীকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানিয়েছেন, কোচ চলাচল বন্ধ থাকায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিক ধর্মঘটের ব্যাপারেও বগুড়ার নেতাদের সঙ্গে আলোচনা চলছে।