বগুড়ায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বিক্রি বাড়ছে
দেশের সীমান্তপথ পেরিয়ে আসা অবৈধ আগ্নেয়াস্ত্র এখন বগুড়া শহরের অনেক সন্ত্রাসী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীর হাতে হাতে। এসব অস্ত্র আসার পর থেকে শান্ত বগুড়া অশান্ত হয়ে উঠেছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে গেছে অনেক। সাম্প্রতিক সময়ে বগুড়ায় আলোচিত যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এর সব কটিতেই ধারালো অস্ত্রের পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলা পুলিশ প্রশাসক অকপটে শহরে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ ও বিক্রির কথা স্বীকার করলেও এসব অস্ত্র উদ্ধার করতে পারছে না। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে শহরবাসী।বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, হিলি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসব অবৈধ অস্ত্র আসছে। দুটি পথে অস্ত্র ব্যবসায়ীরা সীমান্ত পার করে বগুড়ায় আনছে এসব অস্ত্র। পথ দুটির একটি হচ্ছে জয়পুরহাট দিয়ে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা হয়ে বগুড়া, আরেকটি হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর হয়ে দুপচাঁচিয়া দিয়ে বগুড়া। বগুড়া রেলস্টেশন এলাকার সুইপার কলোনি ও বস্তিগুলোতে এখন অস্ত্র বেচাকেনা ও মাদক বিক্রির হাট বসে। রাতের অন্ধকারে চলে এই ব্যবসা। এসব এলাকায় বসবাসরত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য সাদা পোশাকে এসব এলাকা থেকে প্রতিনিয়ত তাঁদের বখরা নিচ্ছেন। কাজেই তাঁরা তো মূল হোতাদের ধরবেনই না।অনুসন্ধানে জানা গেছে, বগুড়ায় এখন ভারতীয় পিস্তল বেশি বিক্রি হচ্ছে। সর্বনিম্ন ১২ হাজার থেকে ২২ হাজার টাকায় একটি অস্ত্র বিক্রি হচ্ছে। ভারতের তৈরি ৩৮ বোরের একটি রিভলবার ৩০ থেকে ৩৫ হাজার, পয়েন্ট ৩২ বোরের রিভলবার ২৫ থেকে ২৬ হাজার, শটগান ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে চোরাইপথে ভারত থেকে আসা আমেরিকা, ইংল্যান্ড, জামার্নি ও চীনের তৈরি অস্ত্রের দাম বেশি।অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দাবি করেন, হিলি সীমান্তপথে ফল আমদানি করা যেসব ট্রাক স্টেশন এলাকায় আসে, সেগুলোতেও ফেন্সিডিলসহ অস্ত্র আসে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা সন্ত্রাসীরাই প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব অস্ত্র কিনছে এবং ব্যবহার করছে। পাশাপাশি সন্ত্রাসী ও ছিনতাইকারীরাও কিনছে।রেলস্টেশন এলাকার একজন ব্যবসায়ী জানান, সুইপার কলোনি এলাকায় দুটি পাড়া রয়েছে। একটি হরিজনদের, অন্যটি চামারিদের। পাশেই রয়েছে বস্তি। এসব এলাকায় এখন অস্ত্র ও ফেন্সিডিলের রমরমা ব্যবসা।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক দলের পরিচয়ে অনেকেই এই অস্ত্র ব্যবসা করে। এদের ধরতে গেলেই সমস্যা দেখা দেবে। কিছু কিছু ক্ষেত্রে সব জেনেশুনেও আমাদের চুপ থাকতে হয়।’পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ায় অবৈধ অস্ত্রের ব্যবসা বাড়ার পর শহরে যেসব হত্যাকাণ্ড ঘটছে, তার অধিকাংশেই গুলি করে হত্যার প্রবণতা দেখা গেছে। গত সাড়ে আট মাসে বগুড়া শহরে বেশ কটি গুলি করে হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। তবে ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াাত হোসেন ওরফে জুয়েলকে হত্যায় ব্যবহূত পিস্তল এবং শ্রমিক লীগের নেতা নাসিম হত্যাকাণ্ডে ব্যবহূত পিস্তলটি পুলিশ উদ্ধার করেছে। জুয়েল হত্যাকাণ্ডের প্রধান আসামি যুবলীগের নেতা ওমর খৈয়াম ধরা পড়ার পর বলেছিলেন, তিনি হিলি সীমান্ত থেকে ৭২ হাজার টাকায় পিস্তলটি কেনেন। ওমর খৈয়াম আরও জানিয়েছিলেন, ওই সীমান্ত এলাকায় অস্ত্র সহজলভ্য। গত ৪ জুন ওমরের নেতৃত্বে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জুয়েলকে হত্যা করা হয়।১২ আগস্ট শহরের মালতিনগরে যুবলীগের একজন কর্মীকে হত্যায় ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আগে কুপিয়ে, তারপর মুত্যু নিশ্চিত করার জন্য গুলি করেছে। একই দিনে শহরের ফুলতলা এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে কয়েক ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়। রমজান মাসে শহরের সূত্রাপুরে প্রকাশ্য দিনের বেলায় গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বিএনপির নেতা শাহীন আলীকে। ৯ সেপ্টেম্বর বগুড়ার গাবতলীতে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলামকে। রমজান মাসের আগে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে একাধিকবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের পর পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে না পারায় শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে।বগুড়া চেম্বারের সাবেক সভাপতি ও সাবেক এফবিসিসিআই পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘আমরা শঙ্কিত। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে বগুড়া রক্তাক্ত হচ্ছে। অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সন্ত্রাসীরা ধরা না পড়ায় এবং অস্ত্র উদ্ধার না হওয়ায় তারা এসব কাজে উৎসাহী হচ্ছে।’বগুড়ার বিশিষ্ট আইনজীবী আফতাব উদ্দিন আহম্মেদ বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণেই এসব অস্ত্রের ব্যবসা এখানে চলছে, বিষয়টি তাই সরকারের খতিয়ে দেখা উচিত। তা না হলে বগুড়ায় আরও রক্ত ঝরবে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান রেজাউল করিম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুলিশ ধরবে, এটাই নিয়ম। কিন্ত বগুড়ায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেড়ে গেলেও তারা কিছুই করতে পারছে না। এ কথা সাধারণ মানুষও বিশ্বাস করবে না। আসলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব করা হচ্ছে।বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল বগুড়ায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘অবৈধ অস্ত্রধারীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই এসব অস্ত্র উদ্ধারে নামব আমরা।’বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবিরও আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা একেবারে বসে নেই। ইতিমধ্যে সন্ত্রাসীদের ব্যবহার করা দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।’