বগুড়ায় অর্ধদিবস হরতাল পালন
যানবাহন ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, সড়ক মহাসড়কে পিকেটিং ও মিছিল-সমাবেশের মধ্য দিয়ে আজ রোববার বগুড়ায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। ৫ মে রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন নিহত হন। এরই প্রতিবাদে আজ বগুড়ায় অর্ধদিবস হরতাল আহ্বান করে বিএনপি।এই হরতালের ফলে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর, দিনাজপুরসহ ১১টি জেলার যাত্রীদের এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল দলটি। সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন। সড়কে যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে পিকেটিং করেন বিএনপির কর্মীরা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় চলে বিক্ষোভ সমাবেশ।সকাল নয়টার দিকে গোকুলে দুটি বিআরটিসি বাসসহ পাঁচটি যানবাহন, ঝোপগাড়িতে দৈনিক করতোয়ার একটি মাইক্রোবাস, শহরের নারুলীতে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের লাঠিচার্জ করে হটিয়ে দেয়।হরতালের কারণে বগুড়া থেকে দূরপাল্লাার কোনো পরিবহন চলাচল করেনি। তবে বিআরটিসির যাত্রীবাহী বাস ও ট্রেন পুলিশ পাহারায় চলাচল করে। এ ছাড়া উত্তরাঞ্চলের অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো ঢাকা-বগুড়া মহাসড়কের মোকামতলা এলাকায় আটকা পড়ে।আটকাপড়া এসব পরিবহনে বগুড়া থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন যথাক্রমে গাবতলী ও সোনাতলা স্টেশনের পাশে আটকে দেওয়া হয়। ট্রেন দুটিতে এইচএসসি পরীক্ষার্থী থাকায় পরে তা ছেড়ে দেওয়া হয়।হরতালের কারণে শহরের দোকানপাট ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। সরকারি অফিস আদালত ও ব্যাংক-বিমা খোলা থাকলেও অভ্যন্তরীণ কাজ ছাড়া তেমন কোনো কাজ করতে দেখা যায়নি।