বগুড়ায় অর্ধদিবস হরতাল পালন, ভাঙচুর-লাঠিপেটা
বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল গতকাল রোববার পালিত হয়েছে। শহরের দোকানপাট ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি অফিস ও ব্যাংক-বিমা খোলা থাকলেও তেমন কাজ হয়নি।হরতালের সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর ও মিছিল সমাবেশ করেছেন। এ সময় পুলিশ ও র্যাব তাঁদের লাঠিপেটা করে। হরতালের কারণে রংপুর, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১১টি জেলার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।গত ৫ মে রাজশাহীতে মহাসমাবেশে যাওয়ার পথে নাটোরের সিংড়ায় বিএনপির নেতা-কর্মীদের বহনকারী বাস হামলার শিকার হয়। এ নিয়ে সংঘর্ষে নিহত হন বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মাস্টার। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করে বিএনপি। প্রতিবাদে দলটির পক্ষ থেকে এই হরতাল ডাকা হয়।জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সর্বাত্মক হরতাল হয়েছে। এ হরতাল প্রমাণ করে, জনতা এই সরকারের অপসারণ চায়।যানবাহন ভাঙচুর: গতকাল সকাল থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন। সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। সকাল নয়টায় শহরের গোকুলে দুটি বিআরটিসি বাসসহ পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় সেখানে পুলিশ গিয়ে পিকেটারদের লাঠিপেটা করে। একই সময়ে শহরের ঝোপগাড়িতে দৈনিক করতোয়ার একটি মাইক্রোবাস ভাঙচুর, নারুলীতে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।গতকাল বগুড়া থেকে দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করেনি। তবে বিআরটিসির যাত্রীবাহী বাস ও ট্রেন পুলিশ-প্রহরায় চলাচল করে। এ ছাড়া উত্তরাঞ্চলের অন্য জেলা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো ঢাকা-বগুড়া মহাসড়কের মোকামতলা এলাকায় আটকা পড়ে। আটকা পড়া এসব পরিবহনে বিএনপির সমর্থকেরা হামলা চালালে সেখানে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পিকেটারদের হটিয়ে দেন। পরে বিআরটিসি পরিবহনকে বগুড়া সীমানা অতিক্রম করানোর পর পুলিশ আটকা পড়া কয়েকটি বাস নিয়ে শহর অভিমুখে রওনা হলে শহরের মাটিডালী মোড়ে পিকেটাররা সেসব বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে।হরতালে শহরের সাতমাথায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সাংসদ মোস্তফা আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার প্রমুখ।শেরপুর ও শিবগঞ্জে হরতাল পালিত: শেরপুর (বগুড়া) ও শিবগঞ্জ প্রতিনিধি জানান, শেরপুরে ও শিবগঞ্জে গতকাল মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তেমন কোনো যানবাহন চলেনি। বিএনপির সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল বের করেন ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে দেন। বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারায় হরতালকারীরা একটি বিআরটিসি বাসসহ চারটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। জেলার ধুনট, দুপচাঁচিয়া, গাবতলী, কাহালু, সোনাতলা, সারিয়াকান্দি, শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল হয়েছে।