বগুড়ায় অসহায় কৃষকের জমির দখল নিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ অসহায় এক কৃষকের প্রায় দুই কোটি টাকার জমি জেলা প্রশাসনের সহযোগিতায় দখলে নিয়েছেন। তিনি এই জমি তাঁকে অধিগ্রহণ করে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। আওয়ামী লীগের নেতা তাঁর হিমাগারের এলাকা সম্প্রসারণের জন্য স্থানীয় এক কৃষকের জমি অধিগ্রহণ করে দিতে প্রশাসনের কাছে আবেদন করেন। কৃষক তাঁর একমাত্র সম্বল ওই ভূমি রক্ষা করতে আদালতের শরণাপন্ন হন। আদালত অধিগ্রহণ না করার পক্ষে রায় দেন। আওয়ামী লীগের নেতা দাবি করেছেন, সম্প্রতি তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন এবং আদালত অধিগ্রহণের পক্ষে রায় দেন। উচ্চ আদালতের রায়ের কাগজপত্র না এলেও একজন আইনজীবীর প্রত্যয়ন করা কাগজের ওপর ভিত্তি করে জেলা প্রশাসন ওই আওয়ামী লীগের নেতাকে কৃষকের জায়গার দখল বুঝিয়ে দেয়। জেলা ভূমি হুকুম-দখল কর্মকর্তাও বলেছেন, উচ্চ আদালতের একজন আইনজীবীর প্রত্যয়ন করা কাগজ দেখে রায় বাস্তবায়ন করা যায়।জানা গেছে, বগুড়া শহরের পূর্বাংশে সাবগ্রাম এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের নর্দার্ন হিমাগার। এর ধার ঘেঁষে আছে সারিয়াকান্দি থেকে আসা নদীভাঙা কৃষক এলাহী বক্সের (৭০) পাঁচ শতকের বসতবাড়ি ও ৫২ শতক ধানি জমি। আশির দশকে এখানে এসে তিনি এসব জমি কেনেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। এলাহী বক্স অভিযোগ করেন, এক যুগ ধরে আজাদ তাঁর এ জমি দখলের চেষ্টা করে আসছেন। জেলা প্রশাসনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের আমলেও জমিটি দখলে নানা ধরনের চেষ্টা চালানো হয়েছে। হিমাগারের জায়গা সম্প্রসারণের জন্য প্রকল্প তৈরি করে সেই জায়গাটি সরকারিভাবে হুকুম-দখল করে আজাদের নামে বরাদ্দ করার আবেদন জানানো হয় ২০০১ সালে। একপর্যায়ে জমিটি অধিগ্রহণের অনুমতি মেলে এবং জমির মালিককে নোটিশ দেওয়া হয়। জমির মালিক বগুড়ার সাবজজ আদালতে অধিগ্রহণের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি হেরে যান। পরে তিনি জজ আদালতে আপিল করেন। এবার আদালত তাঁর পক্ষে রায় দেন। পরে আওয়ামী লীগের নেতা আজাদ উচ্চ আদালতে আপিল করেন। কয়েক বছর ধরে মামলাটি পড়ে ছিল। এলাহী বক্স প্রথম আলোকে বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ, অফিস-আদালতে ছোটাছুটি করতে পারি না। কিন্তু কালাম সাহেব আওয়ামী লীগ করেন, সেই ক্ষমতা দিয়ে জমিটি অধিগ্রহণ করিয়ে নিয়েছেন। আদালতের রায় পেয়েছেন দাবি করে উকিলের একটি কাগজ দেখিয়ে পুলিশ দিয়ে আমার একমাত্র সম্বল দখল করেছেন। আমরা উকিলের সেই কাগজ দেখতে চেয়েছি, কিন্তু দেখানো হয়নি।’ এলাহী বক্স জানান, ঢাকা থেকে তাঁর উকিল জানিয়েছেন, বিচারক এখনো রায়ের কাগজে স্বাক্ষর করেননি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমিতে পাট লাগানো ছিল। সেই পাট নষ্ট করে পুলিশের সহযোগিতায় ইট দিয়ে প্রাচীর করা হচ্ছে। এলাকার লোকজন ব্যক্তিমালিকানাধীন জায়গা বেসরকারি ব্যক্তিকে অধিগ্রহণ করে দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, হিমাগারের ভেতর প্রচুর জায়গা আছে। এই অসহায় মানুষের জমি না নিলেও চলত।জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নর্দার্ন হিমাগারের মালিক আবুল কালাম আজাদ বলেন, তাঁর হিমাগারের জায়গা বাড়ানোর জন্য ২০০১ সালে তিনি যথানিয়মে আবেদন করেন। জমিটি অধিগ্রহণ করার পর তাঁকে দেওয়া হয়েছে। সে জন্য তিনি সরকারকে টাকাও দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে জমির মালিক মামলা করায় এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। কয়েক দিন আগে হাইকোর্ট থেকে তাঁর পক্ষে রায় হয়েছে। সেই রায়ের ভিত্তিতে জেলা প্রশাসন তাঁকে জমির দখল বুঝে দিয়েছে। এখানে দলীয় কোনো প্রভাব বিস্তার করা হয়নি। বগুড়ার জিপি আল মাহমুদ দাবি করেন, হাইকোর্ট থেকে মামলার রায় হয়েছে এবং আইনজীবী চিঠি দিয়ে তা অবহিত করেছেন। জেলা হুকুম-দখল কর্মকর্তা খালিদ হোসেন বলেন, হাইকোর্টের একজন আইনজীবীর সত্যায়িত প্রত্যয়ন থাকলে সেই রায় বাস্তবায়ন করা যায়। রায়ের কপি না এলেও সেই কাগজের বলে পুলিশের সহযোগিতায় জমিটির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।