বগুড়ায় অস্ত্র আইনে ১৭ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় বগুড়ায় আবদুর রাজ্জাক ওরফে হেলাল (৪০) নামের এক ব্যক্তিকে ১০ ও ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজাই একসঙ্গে চলবে। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা আজ রোববার এই রায় ঘোষণা করেন।সাজা পাওয়া আবদুর রাজ্জাক বর্তমানে পলাতক। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের মেঘাসরকার পাড়ার বাসিন্দা।মামলার রায়ে আবদুর রাজ্জাককে পিস্তল রাখার দায়ে ১০ বছর ও পাঁচটি গুলিসহ ম্যাগাজিন রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর থেকে তাঁর সাজা কার্যকর বলে রায়ে উল্লেখ করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবদুর রাজ্জাক সর্বহারার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ২০০৪ সালের ২২ জুলাই রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ আসামি আবদুর রাজ্জাকের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পুলিশ বিদেশি একটি পিস্তল, পাঁচটি গুলি, ম্যাগাজিনসহ আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় ওই মামলা দুটি করা হয়। পরে মামলা দুটিতে তিনি জামিন পেয়ে পালিয়ে যান। আজ আদালত মামলা দুটির বিচারকাজ শেষে এ রায় ঘোষণা করেন।