বগুড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদনগর এলাকায় আজ সোমবার ভোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি কাটা রাইফেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রাফি আনান (২৩), সোহেল (২০), শিমুল (১৯) ও সাকিল মিয়া (১৮)।বগুড়া সদর থানার পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের ঠনঠনিয়া শহীদনগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামানের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এর মধ্যে রাফি আনান ‘বন্দুকযুদ্ধে’ নিহত শীর্ষ সন্ত্রাসী লিয়াকতের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা আছে। সম্প্রতি বগুড়া শহরের একটি কোচিং সেন্টারের পরিচালক খুনের মামলায় রাফি আনান এজাহারভুক্ত আসামি।