বগুড়ায় আ.লীগের জনসভায় দলের তিন সাংসদ উপেক্ষিত
বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আড়াই বছর পর বগুড়ায় গতকাল রোববার আওয়ামী লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আব্দুল মান্নান ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাংসদ হাবিবুর রহমান এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের নারী সাংসদ অধ্যক্ষ খাদিজা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি তাঁদের মৌখিকভাবেও জানানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।এ কারণে তাঁরা জনসভায় যাননি। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিকেল চারটায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মজিবর রহমান প্রমুখ।জনসভায় ওই তিন সাংসদ ছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ের অনেক নেতাকেই দেখা যায়নি। নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাসহ আরও অনেক নেতাই আমন্ত্রণ পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের কিছু নেতা অভিযোগ করেন, মমতাজ উদ্দিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদেরই তিনি কোণঠাসা করে রেখেছেন। ফলে অনেক ত্যাগী নেতা দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার দুটি আসনে আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হলে ত্যাগী নেতা-কর্মীরা কিছুটা উজ্জীবিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ নেতা জানান, কোনো অনুষ্ঠানে ওই তিন সাংসদকে অতিথি করলে মমতাজ উদ্দিন সেখানে যান না।জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলের বর্ধিত সভা করার কথা থাকলেও জবাবদিহির ভয়ে মমতাজ উদ্দিন তা করেননি।সাংসদ হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সংরক্ষিত আসনের সাংসদ অধ্যক্ষ খাদিজা খাতুন জানান, ‘সাংসদ হিসেবে আমন্ত্রণ না হয় পেলাম না, কিন্তু জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল।’ সাংসদ আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে আমন্ত্রণপত্র না পাওয়ার বিষয়টি তাঁর ব্যক্তিগত সহকারী মতিউর রহমান নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমন্ত্রণপত্র না দেওয়ার কথা স্বীকার করে বলেন, দলের সভায় এভাবে আমন্ত্রণপত্র দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তিন সাংসদকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বক্তব্য জানতে গতকাল রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না’ বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।