বগুড়ায় আ.লীগের দুই পক্ষের সভায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে বর্ধিত সভা ডাকায় প্রশাসন সদরের কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।খোঁজ নিয়ে জানা গেছে, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সাইফুল ইসলাম ২০০৯ সালের ২০ জুন মারা যান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জাহিদুল কবীর পাইকার। তিনি ২০১০ সালের ৯ ডিসেম্বর মারা যান। এর পর থেকে সাধারণ সম্পাদকের পদ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ উঠে পড়ে লাগে। একটি পক্ষে আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান এবং অন্যপক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।জানা গেছে, আজম খান গাবতলী উপজেলা পাইলট উচ্চবিদ্যালয়ে বর্ধিত সভা ডাকলে অন্য পক্ষের আমিনুল ইসলামও একই স্থানে ও সময়ে সভা আহ্বান করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার কথা যুগ্ম সাধারণ সম্পাদকের। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান ক্ষমতা কুক্ষিগত করতে এবং আধিপত্য বজায় রাখতে তাঁকে সাধারণ সম্পাদকের ওই শূন্য পদ দিচ্ছেন না। এ জন্যই আজ সভা ডাকা হয়েছিল।এ অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান বলেন, জেলা আওয়ামী লীগের অনুমতি নিয়েই বর্ধিত সভা ডাকা হয়েছে। আমিনুল ইসলামের সভা ডাকার এখতিয়ার নেই। উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর বিরুদ্ধে নির্বাচন করায় তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হলেও সেই চিঠির কোনো জবাব দেননি। তিনি এই ক্ষমতা রাখেন বলেই আজ বেলা ১১টায় গাবতলী উপজেলা পাইলট উচ্চবিদ্যালয়ে বর্ধিত সভা আহ্বান করেছিলেন। কিন্তু অন্য পক্ষ সেখানে সভা ডাকে।এ ব্যাপারে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ মণ্ডল জানান, ১৪৪ ধারা জারি করার কারণে কোনো পক্ষ ওই এলাকায় সভা করতে পারেনি। তবে ১৪৪ ধারা জারি নেই—এমন এলাকায় দুই পক্ষ আলাদাভাবে সভা করেছে।