বগুড়ায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার রায়: ৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আওয়ামী লীগের নেতা সরাফত আলীকে (৪০) জবাই করে হত্যার দায়ে পিতা-পুত্রসহ সাতজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের খয়বর আলী খন্দকার ওরফে ডিলার (৫৮), তাঁর ছেলে লিটন আলী খন্দকার (২৮), একই উপজেলার চিলইল গ্রামের নুরুল আমিন সেকেন্দার (৫৬), তাঁর ছেলে সৈকত হোসেন ওরফে বিদ্যুত্ (২৫), নুরুল আমিনের ভাই মোহাম্মদ মিঠু (৩৮), একই গ্রামের খন্দকার জগলুল হুদা (৪৫) ও মাহবুবুর রহমান (২৬)। এই মামলায় অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাশ দেয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কিচক ইউনিয়ন আওয়ামী লীগের তত্কালীন সাংগঠনিক সম্পাদক সরাফত আলী ২০০৭ সালের ১৫ জুলাই রাত ১০টার দিকে কিচক বাজার থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরের দিন ১৬ জুলাই সকালে পাশের ভাকুন্দাহার গ্রামের একটি মাঠ থেকে তাঁর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই হযরত আলী বগুড়ার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।সরকার পক্ষের আইনজীবী নরেশ মুখার্জি ও আশেকুর রহমান এবং আসামি পক্ষের আইনজীবী মীর ইকবাল হোসেন, রেজাউল করিম, কায়সারুজ্জামান ও আবদুল বাসেদ মামলাটি পরিচালনা করেন।