বগুড়ায় আগুনে পুড়ে গেছে সিনেমা হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নবাববাড়ী রোডে আজ শুক্রবার ভোররাতে আগুনে পুড়ে গেছে সোনিয়া সিনেমা হল। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। তবে এ সময়ের মধ্যে হলের সব জিনিসপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন। সোনিয়া সিনেমা হলের মালিক শাহিনুর রহমান জানান, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে সিনেমা হলের নিরাপত্তা রক্ষীরা তাঁকে আগুন লাগার খবর দেয়। পরে তিনি খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগায় মালামাল রক্ষা হয়নি। অগ্নিকাণ্ডে সিনেমা হলের মেশিন, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা সিনেমা হলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাত চারটা থেকে আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আগুনে সিনেমা হলের সঙ্গে লাগোয়া একটি আবাসিক হোটেল ও বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি তা জানাতে পারেননি।