বগুড়ায় আবার ধর্মঘট, আবার প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ সোমবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আবারও প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের আহ্বানে বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া মোটর মালিক গ্রুপ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।সিরাজগঞ্জ জেলার সীমানা চান্দাইকোনায় বগুড়ার বাস চলাচলে বাধা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে তারা এ ধর্মঘট ডাকে।এদিকে এ ধর্মঘটের কারণে আজ সকালে বগুড়া থেকে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে বগুড়ায় ওপর দিয়ে উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও নওগাঁর যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক পরিবহন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বগুড়ায় দ্বিতীয় বাইপাস দিয়ে গাড়ি চলাচল নিয়ে আলোচনা করা হয়। বগুড়ার মালিক ও শ্রমিকদের সঙ্গে যে বিরোধ দেখা দিয়েছে, তা নিরসনে দ্বিতীয় বাইপাসের পরিবর্তে আগের মতোই প্রথম বাইপাস দিয়ে গাড়ি চলার সিদ্ধান্ত হয়।বগুড়ার মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, ‘সভার সিদ্ধান্তটি বগুড়ার পুলিশ সুপার জানিয়েছেন। পুলিশ সুপারের আহ্বানে আমরা বিকেল তিনটা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। যেহেতু দ্বিতীয় বাইপাস দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না, তাই ধর্মঘট করা হচ্ছে না।’উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই সকাল থেকে বগুড়ার মালিক শ্রমিক প্রথম ধর্মঘটের ডাক দেয়। ওই দিন রাত সাড়ে ১০টার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। ঠিক এর এক দিন পর ৩১ জুলাই সকাল থেকে শ্রমিকেরা আবারও অবরোধ শুরু করে রাত আটটার দিকে তা প্রত্যাহার করেন। পরে রাত ১০টায় আজ সোমবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।