বগুড়ায় আমনখেতে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বেশ কয়েকটি উপজেলায় রোপা আমনখেতে খোলপচা রোগ দেখা দিয়েছে। চরম অনাবৃষ্টি সত্ত্ব্বেও এবার চাষিরা বহু কষ্টে আমন চাষ করে এখন পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে শেরপুর উপজেলায় এই রোগের প্রকোপ বেশি। কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে বগুড়ার ১২টি উপজেলায় এক লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব জমিতে ধান দেরি করে রোপণ করা হয়েছে, মূলত সেগুলোতেই পোকার আক্রমণ হয়েছে বলে চাষিরা জানিয়েছেন।উপজেলার মির্জাপুরের মাথাইলচাপড় গ্রামের কৃষক মোনায়েম এবার ৮০ বিঘার বেশি জমিতে রোপা আমনের চাষ করেছেন। একইভাবে জাহাঙ্গীর আলম ২৫ বিঘা, সংকরহাটার শহীদুল ইসলাম ৩৫ বিঘা, মাকোরকোলার হায়দার আলী ২০ বিঘা ও তালতার আবু সাঈদ সাড়ে ১০ বিঘা জমিতে এ ধান চাষ করেছেন। এসব কৃষক জানান, ধান চাষের কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। কৃষক মোনায়েম জানান, মাজরা পোকার আক্রমণ রোধে তিনি ২০ দিনের মাথায় জমিতে কীটনাশক দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়েই আট থেকে ১০ দিন পর আবারও জমিতে কীটনাশক ব্যবহার করেন। তবে সম্প্রতি বৃষ্টির কারণে পোকার আক্রমণ সামান্য কমেছে বলে তিনি জানান।কাহালু উপজেলার দুর্গাপুর গ্রামের মোসলেম উদ্দিন বলেন, ‘এবার আবাদের শুরু থ্যাকাই পানির কষ্ট। তার ওপর পোকার আক্রমণে ধান কী হবি, তা কে জানে। দেখা যাবি ধানের চেয়া খড় বেশি হবি।’তবে স্থানীয় কৃষি বিভাগ দাবি করেছে, গত কয়েক সপ্তাহের বৃষ্টিপাতে রোগ-বালাইয়ের আক্রমণ অনেক কমেছে। তারা জানায়, প্রচণ্ড খরার কারণে পানি না থাকায় রোপা আমন খেতে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ে। কিন্তু সম্প্রতি প্রচুর বৃষ্টিপাত হওয়ায় আপাতত এসব সমস্যা দূর হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার ভারপ্রাপ্ত উপপরিচালক একরাম হোসেন জানান, দীর্ঘ খরায় জমিতে পটাশ ও ইউরিয়া সারের অভাবজনিত কারণে ধানের পাতা লালচে হয়ে যায়। তা ছাড়া কিছু জমিতে মাজরা, নলিমাছি ও পাতামোড়ানো পোকার আক্রমণ হয়েছে। এ অবস্থায় কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। ধানগাছের লালচে ভাব দুর করার জন্য প্রতি পাঁচ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৩৫ গ্রাম ইউরিয়া, ৫০ গ্রাম পটাশ ও ৫০ গ্রাম কুমুলাস মিশিয়ে ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জমিতে নাইট্রোজেন যোগ হয়েছে। ফলে এখন রোগবালাই অনেক কমে এসেছে এবং ধানগাছ আবার সবুজ হয়ে উঠছে। তিনি আশা প্রকাশ করেন, এ বছর বগুড়ায় লক্ষ্যমাত্রার বেশি জমিতে আমন চাষ হওয়ায় চার লাখ ৬৮ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে। যা গত বছরের তুলনায় ৩০ হাজার মেট্রিক টন বেশি।