ধানের অভাবে বগুড়া জেলার প্রায় ৮০ ভাগ ধানের চাতাল বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অনেকে কাজ না পেয়ে দিনমজুরি বা রিকশা চালিয়ে জীবন যাপন করছেন। কেউ বা শহরে কাজের জন্য বেরিয়ে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ধান-চালের বাজার অস্থিতিশীল। ধানের দাম চড়া। কিন্তু সেই ধানেরও হাটে আমদানি নেই। ধানের আমদানি না থাকায় চাতালগুলোও চলতে পারছে না। জেলার অধিকাংশ চাতাল রয়েছে পশ্চিম বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায়। এ ছাড়া জেলার শেরপুর, নন্দীগ্রাম ও ধুনটে কিছু চাতাল রয়েছে। তবে পশ্চিম বগুড়ার মধ্যে দুপচাঁচিয়া উপজেলায় চাতালের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে চাতাল রয়েছ আট শতাধিক। একটি চাতালকে কেন্দ্র করে শুধু চাতালের শ্রমিক ছাড়াও সেখানে কাজ করেন কুলি, হলার মিস্ত্রি, হলারশ্রমিক এবং ধান ভাঙার সময় গুঁড়া ঝাড়ার মহিলা শ্রমিকসহ নানা শ্রমিক। চাতাল বন্ধের সঙ্গে সঙ্গে এই শ্রমিকেরাও বেকার হয়ে পড়েছেন।জেলার প্রধান ধান-চালের মোকাম সান্তাহার, আদমদীঘি, চৌমুহনী, দুপচাঁচিয়া, তালোড়া ও নন্দীগ্রাম ঘুরে দেখা গেছে, ধান-চালের মোকামে যেখানে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক চাল সারা দেশে যেত, এখন সারা দিনে পাঁচ ট্রাক চাল পাওয়া যায় না। চৌমুহনী বাজারের চাল ব্যবসায়ী আফতাব আহমেদ জানান, এই এলাকার সব জায়গার হাটবাজারে ধান-চালের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে এসব চালের দাম কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা কম ছিল। তিনি বলেন, বড় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ধান মজুদ করে রেখেছেন। তাঁদের কারণেই বাজার এখন অস্থিতিশীল। ছোট ব্যবসায়ীরা এখনকার দামে ধান কিনে চাল তৈরি করে বিক্রি করতে গেলে লোকসান গুনতে হচ্ছে। প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা কমে চাল বিক্রি করতে হচ্ছে।বগুড়ার সান্তাহারের চাতাল মালিক মাহাতাবউদ্দিন বলেন, বড় বড় চাতাল মালিকেরা বিপুল পরিমাণ ধান মজুদ করে রেখেছেন। এখন হাটে ধান একেবারেই কম আমদানি হয়। ৯০০ টাকা মণ ধান কিনে চাল তৈরি করলে খরচ পড়ে ১৪০০ টাকা। অথচ এই চাল বিক্রি করতে হচ্ছে ১৩০০ থেকে সাড়ে ১৩০০ টাকায়। দুপচাঁচিয়ার চৌমুহনীর দুই ভাই চালকল নামের প্রতিষ্ঠানের মালিক রইচউদ্দিন বলেন, এবার শুরুতেই ধানের বাজার বেশি ছিল। এর পর দাম একটু কমেছিল। সে সময় বিপুল পরিমাণ ধান মজুদ করা হয়েছে। সেই ধান-চাল এখন বের হচ্ছে না। আরও বেশি মুনাফার জন্য তাঁরা ধান বাজারে ছাড়ছেন না। পারলে আরও কিনছেন। ছোট চাতালগুলো এখন পুরোপুরি ধানের অভাবে উৎপাদন বন্ধ রেখেছে। সাহারপুকুর আনন্দ চালকলের মালিক মোজাম্মেল হকও একই কথা বলেন।সরকারি ক্রয় অভিযানে এ উপজেলায় চাল কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ২৮ হাজার ২০০ মেট্রিক টন। জেলায় চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এই উপজেলা আদমদীঘি উপজেলায় ধানের চাতালের সংখ্যা ৪০০টি। এ উপজেলায় ধানের চাতাল বন্ধ রয়েছে। বগুড়ার কাহালু উপজেলায় ১৯৯টি চাতালের মধ্যে বেশির ভাগই বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া চাতালের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, হাটে ধানই বেশি পাওয়া যায় না। পাওয়া গেলেও তা এনে সেদ্ধ করে চাল হিসেবে বিক্রি করতে গেলে লোকসান দিতে হচ্ছে। বগুড়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, হাটে ধানের আমদানি না থাকলে চাতাল বন্ধ থাকবে—এটাই স্বাভাবিক। তা ছাড়া এ সময় ধান আমদানি বেশি হয় না। যাঁরা ধান মজুদ করে রেখেছেন, তাঁরাই শুধু বিক্রি করছেন। তিনি চাল মজুদের কথা অস্বীকার করে বলেন, এখন আর কারও গুদামে ধান-চাল মজুদ তেমন নেই। কারণ এখন মৌসুম শেষ আর কিছুদিন পর আমন ধান উঠবে। তিনি বলেন, কৃষি বিভাগ সরকারকে হিসেব দিয়েছে, এ এলাকায় ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা, এবার পূর্ব বগুড়া এলাকায় ধানের ফলন কম হয়েছে। তিনি বলেন, এখন হাটে ধানের কোনো আমদানি না থাকায় চালের দাম বেড়ে গেছে।