বগুড়ায় ইউএনও-ওসির ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আজ শনিবার সকালে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ক্ষিতিশ চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন। মামলায় স্থানীয় সাত থেকে জামায়াতের আট নেতার নাম উল্লেখসহ অন্তত ৩০০ জনকে আসামি করা হয়েছে।প্রসঙ্গত, গতকাল বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সাংসদ মাওলানা আবদুর রহমান ফকিরের রুহের মাগফিরাত কামনায় স্থানীয় শাজাহানপুর ফুলতলা মাদ্রাসামাঠে জামায়াত দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় সমাবেশের আদলে সেখানে বক্তৃতার মঞ্চ তৈরি এবং ব্যানার টানানো হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মঞ্চে উঠে বক্তৃতা দিতে শুরু করলে শাজাহানপুরের ইউএনও দেওয়ান আবদুস সামাদ মঞ্চে গিয়ে ওই মাদ্রাসামাঠে ১৪৪ ধারা জারির কথা জানিয়ে তাঁকে বক্তব্য না দিতে অনুরোধ করেন। তখন মুজাহিদ মঞ্চ ত্যাগ করেন। ইউএনও মাইক হাতে নিয়ে সেখানে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করলে মঞ্চে উপস্থিত জামায়াতের স্থানীয় নেতারা জুমার নামাজ আদায় না করা পর্যন্ত ওই মাদ্রাসামাঠ ছাড়বেন না বলে ঘোষণা দেন। এতে ইউএনও আপত্তি জানিয়ে নিকটবর্তী মসজিদগুলোতে নামাজ আদায়ের পরামর্শ দেন তাঁদের। তাঁর ওই বক্তব্যে মাঠে জামায়াতের কয়েক শ নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মঞ্চে দাঁড়িয়ে থাকা ইউএনওর দিকে তেড়ে যান এবং তাঁকে লাঞ্ছিত করেন। তাঁকে উদ্ধার করতে এলে শাজাহানপুর থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদেরও লাঞ্ছিত করা হয়।