বগুড়ায় ঈদ মার্কেটে বাড়ছে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে বগুড়া শহরের বিপণিবিতানগুলোতে প্রতিদিন ক্রেতা সমাগম বাড়ছে। তরুণ-তরুণীরা বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখে নিচ্ছে এবারের ঈদে বাজারে আসা নতুন ডিজাইন। তবে এ বছর বগুড়ায় দর্জিশ্রমিকদের ধর্মঘটে ছিট কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা কমে গেছে। যদিও শেষ মুহূর্তে এসে এই ধর্মঘট প্রত্যাহার করা হলেও অনেক শ্রমিক এখনো কাজে যোগ দেননি। ফলে দর্জির দোকানগুলো এবার সেভাবে জমে ওঠেনি। আর রোজার তিন ভাগের এক ভাগ শেষ হলেও বিক্রেতারা জানিয়েছেন এ বছর বিক্রি কম। আর ক্রেতাদের অভিযোগ দাম বেশি। বগুড়া নিউমার্কেট ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার মার্কেটে ক্রেতা কম। তবে প্রতিদিন ক্রেতার সংখ্যা বাড়ছে বলে জানান বিক্রেতারা। রোজার দুই সপ্তাহ আগে থেকে দর্জিশ্রমিকেরা ৯ দফা দাবিতে ধর্মঘট আহ্বান করেন। ১৬ আগস্ট এই ধর্মঘট প্রত্যাহার করা হলেও অনেক শ্রমিক কাজে যোগ দেননি বলে জানিয়েছেন দর্জিমালিকেরা। ফলে ঈদকে কেন্দ্র করে ছিট কাপড়ের যে ব্যবসা জমে ওঠে সেখানে এবার মন্দা। নিউমার্কেটে গিয়ে দেখা গেছে, নেটহাতা ও কাতানের কাপড়ের তৈরি মাসাককালি এবারের ঈদেও স্থান করে নিয়েছে। এ ছাড়া তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে কোটালি, সোহানা, আধুরি, বিদায় সাজনাসহ বিভিন্ন নামের ও বাহারের পোশাক। ওকে ট্রেডার্স নামে অপর কাপড়ের দোকানের মালিক ওবায়দুল হক বলেন, এবার যে বেচাকেনা হচ্ছে তাতে নিজেদেরই ঈদ করা কঠিন হবে। শার্ট-প্যান্টের কাপড়ের দোকানের কর্মচারী এমরান আলী বলেন, এবার দর্জিশ্রমিকদের ধর্মঘটের কারণে বেচাকেনা হম। নিউমার্কেট ছাড়াও বগুড়ার শরীফ উদ্দিন সুপার মার্কেট, বাবুমিয়া নিউ মার্কেট, আল আমিন মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতা সমাগম বাড়ছে। স্কুলশিক্ষক নজরুল ইসলাম শরীফ উদ্দিন সুপার মার্কেটে কেনাকাটা করতে এসে বলেন, এবার ঈদ উপলক্ষে প্রতিটি পোশাকে ২৫ থেকে ৩০ ভাগ দাম বাড়ানো হয়েছে। সাধারণ মানুষদের এসব বিপণিবিতানে এসে কেনাকাটা করা সম্ভব নয়। ব্যবসায়ী আনোয়ার হোসেন এবারের ঈদ মার্কেটের কম ভিড় প্রসঙ্গে বলেন, আগে ঈদের ১৫ দিন বাকি থাকতে মানুষ কেনাকাটায় নামত। আর এখন মানুষ রোজার আগে থেকে শুরু করে। বগুড়া শহরের বিপণিবিতানগুলো ছাড়াও আবাসিক এলাকা হিসেবে পরিচিত জলেশ্বরীতলাসহ এর আশপাশের এলাকায় নিত্যনতুন ফ্যাশন হাউস গড়ে উঠছে। এখানে জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। বিশেষ উচ্চবিত্তের লোকজন এই এলাকায় কেনাকাটা করতে আসছে। জুতা, শাড়ি, শার্ট, প্যান্ট, ছোটদের কাপড় থেকে শুরু করে সব ধরনের দোকান রয়েছে জলেশ্বরীতলাতে।