বগুড়ায় এক আ.লীগ নেতার অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের দক্ষিণ-পশ্চিম অংশের ১২টি এলাকার হাজার হাজার মানুষের দিন কাটে এখন আতঙ্কে। তাঁদের এই আতঙ্কের কারণ বগুড়া শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজন। অভিযোগ উঠেছে, সুজানুর ও তাঁর বাহিনী জমি জবরদখল, চাঁদাবাজি, মারধরসহ নানা অপকর্মে জড়িত। এলাকাবাসী বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে সম্প্রতি শহরের ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিলও করেছে। বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, সুজানুরের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা হয়তো সঠিক নয়। কেউ ব্যক্তিগতভাবে কিছু করে থাকলে দল তার দায় নেবে না। তবে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সুজানুরের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, মামলা না নেওয়ার অভিযোগ সঠিক নয়। সুজানুরের বিরুদ্ধে আগে কেউ মামলা করেনি। তবে কয়েক দিন আগে ওই এলাকার কমিউনিটি পুুলিশ থেকে একটা অভিযোগ দেওয়া হয়েছে। ২০ জুন এলাকার লোকজন মিছিল করে সুজানুরকে গ্রেপ্তারের দাবিতে একটি স্মারকলিপি দিয়েছে। এসব ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।জমি জবরদখল: চিকিৎসক পিয়ারা ইসলামের স্বামী মরহুম সাইদুর রহমান ও তাঁর দুই ভাইয়ের ৬৫ শতক জমি রয়েছে শহরের খান্দার এলাকায় গোহাইল সড়কের পাশে। এর মধ্যে ১০ শতক জমি আড়াই মাস আগে সুজানুর জোর করে দখল করেন। পিয়ারা ইসলাম প্রতিবাদ করলে সুজানুর তাঁকে মারতে উদ্যত হন। পিয়ারা জানান, জমিটি ফিরে পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত জমি পুনরুদ্ধার হয়নি।ঠনঠনিয়া এলাকার জহুরুল ইসলাম পেশায় বাবুর্চি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে জহুরুলের সাত শতক জমি রয়েছে। আনারী বেগম নামে এক নারীকে ওই জায়গার দেড় শতকের মালিক দেখিয়ে দেড় মাস আগে দখল করেছেন সুজানুর। জাসদ (রব) ছাত্রলীগের বগুড়া জেলার সাবেক সাধারণ সম্পাদক রেজাউল বারী অভিযোগ করেন, সুজন বাহিনী তাঁদের জায়গা দখল করেছিল। থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ মামলা নেয়নি। পরে ঢাকার একটি টেলিফোনে মামলা নিতে বাধ্য হয়। এরপর জমি দখলমুক্ত হয়েছে। রেজাউল আরও অভিযোগ করেন, বগুড়ায় মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন সুজানুর ও তাঁর বাহিনীর সদস্যরা। সুজানুরের ‘আদালত’: এলাকাবাসীর অভিযোগ, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঠনঠনিয়া শহীদনগর, শাহাপাড়া, হিন্দুপাড়া, নতুনপাড়া, খান্দার, মালগ্রাম, ছিলিমপুর, কৈগাড়ি, ফুলতলাসহ ১২টি এলাকায় সুজানুর একটি বাহিনী গড়ে তুলেছেন, যেটি ‘সুজন বাহিনী’ নামে পরিচিত। এই বাহিনী চাঁদাবাজি, জমি জবরদখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে আসছে। সুজানুরের ওই সব অপকর্মের প্রতিবাদ যাঁরাই করেছেন তাঁদের ওপর নেমে এসেছে অমানুষিক নির্যাতন। আর এই নির্যাতন করা হয় খান্দার বাজার এলাকায় খান্দার বাজার ব্যবসায়ী সমিতির নামে নেওয়া একটি কার্যালয়ে। সুজানুর এই সমিতির সভাপতি। লোকজনকে সেখানে ধরে নিয়ে সুজানুর বলেন, সারা দেশে চলে সরকারের আদালত, এখানে সুজানুরের আদালত। সুজানুর যে রায় দেবে তা-ই মেনে নিতে হবে। শহরের ঠনঠনিয়ার নতুনপাড়া এলাকার রিয়াদ মেশিনারির মালিক খন্দকার মিরাজ আহমেদ তাঁর ওপর সুজানুর ও তাঁর বাহিনীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মিরাজ জানান, আইনসম্মতভাবে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন। দুই মাস আগে সুজন বাহিনীর সদস্য স্বপন ও মোস্তাকিম তাঁকে ধরে খান্দার বাজারের ‘আদালতে’ নিয়ে যায়। সেখানে তাঁর সাবেক স্ত্রীকে টাকা দেওয়ার জন্য তারা তাঁর ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তাঁকে বেদম মারধর করা হয়। পরে ৯০ হাজার টাকা নিয়ে তারা তাঁকে ছেড়ে দেয়। সুস্থ হতে তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছে। খান্দার বাজার এলাকার আরেক ব্যবসায়ী সুজা মিয়া জানান, তাঁর স্ত্রী কারও কাছ থেকে কোনো টাকা নেননি। অথচ ভুয়া কাগজ দেখিয়ে তাঁকে বলা হয়, টুনি বেগম নামের এক নারীর কাছ থেকে তাঁর স্ত্রী ৫০ হাজার টাকা নিয়েছেন। সুজা মিয়া অভিযোগ করেন, পরে তাঁকে খান্দার বাজারের ওই কার্যালয়ে নিয়ে বেদম মারধর করা হয়। ৫০ হাজার টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সুজা মিয়া জানান, ভয়ে তিনি সুজানুরের বিরুদ্ধে কোনো মামলা করেননি। ঠনঠনিয়া নতুনপাড়ার শাহাদত হোসেনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন সুজানুর। শাহাদাত জানান, সুজানুর তাঁকে বলেন, ‘তুই বেশি বেড়ে গেছিস। তাই এই সাজা দেওয়া হলো।’ ভুক্তভোগীদের মিছিল: ২০ জুন ১২টি এলাকার তিন শরও বেশি ভুক্তভোগী মানুষ সুজানুরের বিরুদ্ধে শহরে মিছিল করে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা সুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকায় যত অপকর্ম হচ্ছে, তা নিয়ন্ত্রণ করছে সুজন বাহিনী। কেউ প্রতিবাদ করলে তাঁকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। সুজানুর যা বলেন: সুজানুর রহমান প্রথম আলোকে বলেন, পিয়ারা ইসলামের স্বামীর জমি তিনি দখল করেননি। জমি ছিল পিয়ারার শ্বশুরের। তাঁর এক আত্মীয়ের কাছ থেকে তিনি ওই জমির ছয় শতক কিনে নিয়েছেন। অন্যদের জায়গা দখলের ব্যাপারে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল করি। লোকজন আসে জমির সমস্যা নিয়ে। সেসব জমি উদ্ধার করে দিতে হয়।’ লোকজন ধরে খান্দার বাজারে তাঁর কার্যালয়ে নিয়ে নির্যাতন করার ব্যাপারে তিনি বলেন, ‘আমি তো এসব করতে চাই না। লোকজন বিচার চাইতে আমার কাছে আসে। আর বিচার-সালিস করতে গেলে দু-একটা চড়-থাপড় মারতেই হয়।’ অন্যান্য অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, ভবিষ্যতে তিনি পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন করবেন। তাই প্রতিপক্ষের লোকজন তাঁর বিরুদ্ধে মিছিল বের করেছে। যারা মিছিল বের করেছে, তাদের সন্ত্রাসী-চোরাকারবারি হিসেবে অভিহিত করে তিনি বলেন, দলে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অপপ্রচার চালানো হচ্ছে। ওসির বক্তব্য: বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, সুজনের বিরুদ্ধে মামলা করতে দু-এক মাসে কেউ তাঁর কাছে আসেনি। তবে আট-নয় দিন আগে তাঁর বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।