বগুড়ায় এবার বোরো ধানের ফলন ভালো
মাঠের পর মাঠ সবুজ ধানে ভরে গেছে। কোনো কোনো উপজেলায় বোরো ধানে পাক ধরেছে। ধানগাছের যে চেহারা, তাতে চাষিরা আশা করছেন, কোনো দুর্যোগ না হলে বোরো ধানের ভালো ফলন হবে। অথচ চারা ও সেচ-সংকট নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা। এখন ধান ঘরে তোলার অপেক্ষায়। জেলা কৃষি বিভাগের কর্মকর্তারাও বলেছেন, এবার ধানের ফলন আশাতীত হবে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় এক লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও চাষ হয়েছে আরও বেশি জমিতে। প্রায় আড়াই হাজার হেক্টর বেশি জমিতে এবার বোরো ফসলের চাষ হয়েছে। চাষের শুরুতে বীজতলা নিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শে সংকট-পরিস্থিতি সামাল দেন চাষিরা। সরকার এবার শহরে লোডশেডিং করে গ্রামে বিদ্যুৎ সরবরাহ দেওয়ায় বোরোর জমিতে সেচ-সংকট তীব্র আকার ধারণ করেনি। ফলে ধানগাছের চেহারা অনেক ভালো হয়েছে। বগুড়া জেলার বেশ কয়েকটি উপজেলা ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ার কিছু উপজেলায় আগে এবং কিছু এলাকায় পরে বোরো লাগানো হয়। এর কারণ, যেসব এলাকায় আলুর চাষ বেশি করা হয়, সেসব উপজেলায় বোরো রোপণে দেরি হয়। বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর, আদমদীঘি ও সোনাতলা উপজেলায় বোরো ধানে পাক ধরতে শুরু করেছে। এসব উপজেলায় বোরো আগে রোপণ করা হয়েছে। সরেজমিন শেরপুরে গিয়ে দেখা গেছে, চাষিদের মনে স্বস্তি নেই। বৃষ্টি আর কালবৈশাখীর থাবা থেকে রক্ষা করে খেতের উঠতি ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। অনেকটা আতঙ্ক মাথায় নিয়েই ধানকাটা শুরু করেছেন। গত সপ্তাহ থেকে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে আগাম জাতের বিভিন্ন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। বিশালপুর, কুসুম্বী, মির্জাপুর ও ভবানীপুর ইউনিয়নের বেশ কিছু এলাকার কৃষকেরা তাঁদের অল্প পরিমাণ জমিতে লাগানো আগাম জাতের ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন। বিঘাপ্রতি ১৬ থেকে ২০ মণ হারে ফলন হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। নতুন কাঁচা পারিজাত ধান প্রতিমণ ৫০০ থেকে ৫১০ টাকা দরে বিক্রি হচ্ছে। শেরপুর উপজেলায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২১ হাজার ২৪৫ হেক্টর জমিতে; এর মধ্যে হাইব্রিড এক হাজার ৫০০ ও উফশি ১৯ হাজার ৭৪৫ হেক্টরে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮৮ হাজার মেট্রিক টন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। এই উপজেলায় প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। আগে লাগানো ধান ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। উপজেলার হাটলাল গ্রামের চাষি আবদুর রহিম, আনছার আলী ও ভাদুম গ্রামের চাষি আবুল কালাম জানান, এবার ধানের ফলন ভালো হয়েছে। এখন ভালো দাম পেলে হয়। বর্তমানে কাঁচা ধান ৫৪০ থেকে ৫৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। নন্দীগ্রামের ওমরপুর ও রনবাঘা হাটে নতুন ধান উঠেছে। প্রতিদিনই আমদানি বাড়ছে। রনবাঘা গ্রামের চাষি আবেদ শেখ বলেন, ‘এবার জমিত ২০ মণ ধান পাচি। কাঁচা ধান ৫৩০ টাকা করে বেচিছি।’সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার কিছু এলাকায়ও ধান কাটতে শুরু করেছেন চাষিরা। নারচি গ্রামের চাষি নজরুল ইসলাম বলেন, ‘এবার মনে হচ্ছি ধান ভালোই হবি। তবে ভয় হচ্ছি ঝড়বৃষ্টি লিয়ে। হামাগোরে এলাকায় কিছু ধান কাটা শুরু হচে।’ বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ হোসেন জানান, এ বছর লক্ষ্যমাত্রার বেশি জমিতে ধান চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৯০ হাজার হেক্টর জমি। অথচ চাষ হয়েছে এক লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে সাত লাখ মেট্রিক টন। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হবে।