বগুড়ায় গতবারের তুলনায় এবার ভালো করা কলেজগুলো
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিগত বছরগুলোর তুলনায় ভালো ফল করেছে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি পাসের হারও বেড়েছে।বগুড়া শহরের নিশিন্দারায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক (এপিবিএন) স্কুল ও কলেজ এবার তাদের ফলাফলে খুশি। এ বছর এই কলেজ থেকে ২৬৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২৫৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন। অথচ গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিলেন পাঁচজন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, ‘আগের চেয়ে আমরা ভালো ফল করেছি। কিন্তু এর চেয়ে আরও ভালো ফল করতে আমরা চেষ্টা করে যাব।’বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ গত বছরের তুলনায় এবার ভালো ফল করেছে। গত বছর যেখানে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিলেন মাত্র তিনজন, সেখানে এবার জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। এবার ১৫৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৪৯ জন। পাসের হার ৯৭ দশমিক ৩৯। বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান জানান, তাঁরা এই ফলাফলে খুব খুশি। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করা হবে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ থেকে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন নয়জন শিক্ষার্থী। আর এবার এই প্রতিষ্ঠান থেকে ২৪৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। গড় পাসের হার ৯৬ দশমিক ৩৬। বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে এবার ৬৭৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। পাস করেছেন ৫৩৩ জন। পাসের হার ৭৯ ভাগ। বগুড়া সদরের প্রত্যন্ত পল্লিতে অবস্থিত নামুজা ডিগ্রি কলেজ। এই কলেজ থেকে কোনো দিন কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। এবার সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এসওএস হারমেন মেইনার কলেজ থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। সরকারি শাহ সুলতান কলেজ থেকে এক হাজার ২৫৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৯৪১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন।