বগুড়ায় ঘুষ নেওয়ার সময় জেলা পরিষদের প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে আজ সোমবার সকালে বগুড়া জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ইমামুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর কাছ থেকে ঘুষের দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বাদী হয়ে বগুড়া সদর থানায় অভিযুক্ত প্রকৌশলী ইমামুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।দুদকের বগুড়া কার্যালয়ের পরিচালক মেজর মো. শফিকুল ইসলাম জানান, রইছ উদ্দিন শেখ নামের এক ঠিকাদার গত অর্থবছরে দরপত্রের মাধ্যমে জেলা পরিষদের স্যানিটেশনের কাজ পান। তিনি যথাসময়ে কাজ করে বিলের টাকাও তুলে নেন। পরে ওই কাজের বিপরীতে জমা দেওয়া জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য চলতি বছরের জুলাই মাসে আবেদন করেন। কিন্তু পরিষদের উপসহকারী প্রকৌশলী ইমামুল হোসেন এ সংক্রান্ত ফাইল ছাড়তে ওই ঠিকাদারের কাছে দুই হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন। এ নিয়ে অনেক দেন-দরবার করেও কোনো লাভ হয়নি। কোনো উপায় না পেয়ে ঠিকাদার রইছ উদ্দিন শেখ বিষয়টি দুদকের কার্যালয়ে অবহিত করেন।এরপর আজ সোমবার দুপুর ১২টার দিকে ঠিকাদার রইছ উদ্দিন শেখ জেলা পরিষদের ওই কর্মকর্তার দপ্তরে ঢুকে তাঁর হাতে দাবি করা ঘুষের দুই হাজার ৫০০ টাকা তুলে দেওয়ার সময় ওত পেতে থাকা দুদকের কর্মকর্তারা তাঁকে হাতে-নাতে ধরে ফেলেন। জেলা পরিষদের ঠিকাদারেরা ওই কার্যালয়ে কর্মরত দুর্নীতিবাজ অন্য কর্মকর্তাদেরও গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, প্রকৌশলী ইমামুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।