বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চাঁদা না দেওয়ায় আজ শুক্রবার ইউছুফ আলী (৫০) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। তিনি ওমরপুর গ্রামের কুদরত আলীর ছেলে। সেচ্ছাসেবক লীগের ওই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ সময় নিহতের ছেলেসহ দুজন মারাত্মক আহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুর রহমানকে বেদম মারধর করলে আজ সন্ধ্যায় তিনিও মারা যান। তিনি উপজেলার পূর্ব একডালা গ্রামের আওয়ামী লীগ নেতা আকবর আলী মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আজ বিকেল পৌনে চারটির দিকে হাবিবুর রহমান তিনজনসহ ওমরপুর হাটে যান। তাঁরা গরুর হাটে গিয়ে হাটের তত্ত্বাবধায়ক ইউছুফ আলীর কাছে চাঁদা দাবি করেন। ইউছুফ আলী চাঁদা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাবিবুর রহমান অতর্কিত ইউছুফ আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় ইউছুফের ছেলে শামছুল আলী ও তাঁর বন্ধু মাফুজার রহমান এগিয়ে এসে বাধা দিতে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়। এ অবস্থায় হাটের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ওপর হামলা চালায়। এ সময় দুজন পালিয়ে গেলেও হাবিবুর রহমানকে গণপিটুনি দিয়ে তাঁর শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে জনতা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। ঘটনার পরপরই আহত ইউছুফ আলী, তাঁর ছেলে শামছুল আলী (৩০) ও মাহফুজার রহমানকে (৩০) বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে ভর্তি করার পর ইউছুফ আলী মারা যান। এ দিকে পুলিশ হাবিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে হাবিবুর রহমান মারা যান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মজনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাবিবুর রহমানকে চেনেন না বলে জানান। অথচ গতকাল বৃহস্পতিবার স্থানীয় পত্রিকায় হাবিবুর রহমানকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে অভিনন্দন জানিয়েছেন মজনুর রহমান। এ ব্যাপারে মনজুর বলেন, তিনি ওই অভিনন্দন জানাননি। নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ বলেন, হাবিবুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের নামে সন্ত্রাস ও চাঁদাবাজি করায় এর আগে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুরের নেতৃত্বে তিনজন হাটে চাঁদা নিতে যান। চাঁদা না দেওয়ায় তাঁরা ইউছুফ আলীকে ছুরিকাঘাত করে; এতে ইউছুফ আলী মারা যান। জনতা স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, হাবিবুর রহমান নিজেকে নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দাবি করেছেন।