বগুড়ায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে আজ সোমবার দুপুরে ছাত্রদলের পূর্বঘোষিত মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের তিনজন ছুরিকাহতসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগের ধাওয়ার মুখে ছাত্রদলের নেতা-কর্মীরা পালিয়ে অধ্যক্ষের কক্ষে আশ্রয় নিলে সেখানেও তাঁদের পেটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসুচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টার দিকে সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতারা কলেজ ক্যাম্পাসে সমবেত হন।এদিকে আযিযুল হক কলেজ শাখার ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কলেজ ক্যাম্পাসে সহিংসতা এড়াতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রলীগ মিছিল শেষ করার পর ছাত্রদল পুলিশের বেষ্টনির মধ্যে মিছিল বের করে দলীয় স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে পুলিশের বেষ্টনির মধ্যেই ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় ছাত্রদলের অনেক নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান আবার কেউ অধ্যেক্ষের কক্ষে আশ্রয় নেন। সেখানেও ছাত্রলীগের কর্মীরা তাঁদের মারধর করেন। এ সময় অধ্যক্ষ বাধা দিলেও তাঁরা মানেনি।পরে বেলা একটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা কামারগাড়ি এলাকায় সংগঠিত হয়ে রেললাইনের পার্শ্বে অবস্থান নেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আবারও তাঁদের ধাওয়া করে। পরে পুলিশ ছাত্রলীগ কর্মীদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে আনে।কলেজ ছাত্রদল শাখার আহবায়ক শফিকুল ইসলাম জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়ে নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসানুজ্জামান, কর্মী সোহেল রানা ছাড়াও শুভ, মিলন, হজরত আলী নামের তিনজন কর্মী আহত হন।কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল জানান, ছাত্রদলের মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে স্লোগান দেওয়া হলে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তাঁদের ধাওয়া করেন।বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, মিছিল করা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে হামলা চালিয়েছে। অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেয়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করেছেন।