বগুড়ায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ-ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে কলেজ সূত্র জানায়।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এম এম নাসিমুজ্জামানের সভাপতিত্বে কলেজ ক্যানটিনে ছাত্রদলের কর্মিসভা চলছিল। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়াধাওয়ি চলে। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা পিছু হটে ক্যাম্পাস থেকে বের হয়ে যান। ছাত্রদলের অপর অংশ আবাসিক ছাত্রাবাসে অবস্থান নেয়।এর পর ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার ছাত্রাবাসে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীর ওপর হামলা চালান। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।ছাত্রদলের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার সভাপতি এম এম নাসিমুজ্জামানের দাবি, বিনা উসকানিতে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মিসভায় হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত তিনজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাসিমুজ্জামান অভিযোগ করে বলেন, প্রথম দফায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সভায় হামলা চালান। পরে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ছাত্রলীগের বহিরাগত ক্যাডাররা মেডিকেল কলেজ ছাত্রাবাসে ঢুকে দ্বিতীয় দফা হামলা করেন। ছাত্রদলের এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রাসেল পারভেজ প্রথম আলো ডটকমকে বলেন, মেডিকেল কলেজ প্রশাসনের নিয়ম লঙ্ঘন করে ছাত্রশিবিরকে সঙ্গে নিয়ে বৈঠকের নামে কলেজ ক্যানটিনে নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রদল। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ তাতে বাধা প্রদান করে। এতে ছাত্রদল-শিবির একজোট হয়ে ছাত্রলীগের নেতাদের লাঞ্ছিত করে। এর প্রতিবাদে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রদল-শিবির নেতা-কর্মীদের ধাওয়া করলে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। আবাসিক ছাত্রাবাসে ঢুকে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।