বগুড়ায় ছাত্রলীগের সাবেক নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনকে (৩৬) দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। গত শুক্রবার গভীর রাতে শহরের শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে। যুবলীগের নেতা ওমর খৈয়াম ওরফে ককটেল রোপনের নেতৃত্বে সন্ত্রাসীরা সাখাওয়াতকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। সাখাওয়াত শিববাটি এলাকার শাজাহান আলীর ছেলে। তিনি বালুর ব্যবসা ও ঠিকাদারি করতেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেছে স্থানীয় ব্যক্তিরা ধারণা করছেন।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত একটার দিকে সাখাওয়াত চারজনকে নিয়ে শিববাটি সেবক সমিতির কার্যালয়ে বসে গল্প করছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে সমিতির কার্যালয়ের সামনে থামেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যুবলীগের নেতা ওমর খৈয়াম ও ছাত্রলীগের কর্মী রাশেদুল ইসলাম মোটরসাইকেল থেকে নেমে সমিতির কার্যালয়ে ঢুকেই সাখাওয়াতকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করেন। এ সময় সাখাওয়াতের সহকর্মী ছাত্রলীগের কর্মী উজ্জ্বল বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকেও রামদা দিয়ে আঘাত করে। ওমর খৈয়াম রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাখাওয়াতের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সাখাওয়াতের লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আহত উজ্জ্বলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পরপরই পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল শনিবার সকালে শিববাটি এলাকায় সাখাওয়াতের বাড়িতে গিয়ে তাঁর মা, ভাই ও বোনকে আহাজারি করতে দেখা যায়। শত শত লোক ভিড় করে তাঁদের বাড়িতে। জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সাখাওয়াতের ভাই রুবেল। রুবেল বলেন, ‘আমার ভাই তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তারা তাকে হত্যা করল?’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দারসহ অন্য নেতারা সাখাওয়াতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকজনকে সমবেদনা জানান। জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা জানান, ওমর খৈয়াম সদর থানা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগের এর আগের শাসনামলে সাখাওয়াত একবার ওমর খৈয়ামের ওপর গুলি চালিয়েছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। তা ছাড়া বালুর ব্যবসা নিয়েও এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জানা গেছে, ওমর খৈয়াম এরশাদবিরোধী আন্দোলনের সময় ককটেল বানানোর চেষ্টা করছিলেন। তখন বিস্ফোরণে তাঁর দুই হাতের আটটি আঙুল উড়ে যায়। তার পর থেকে তাঁকে ককটেল রোপন বলে ডাকা হয়। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় আটটি মামলা রয়েছে। জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না।’ রোপন উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটিতে আছেন বলে স্বীকার করে মঞ্জুরুল আলম জানান, এই কমিটি এখনো অনুমোদন পায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় থানায় মামলার প্রস্তুতি চলছিল।