বগুড়ায় ছাত্রলীগের সেই দুই ক্যাডার গ্রেপ্তার
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ও সশস্ত্র মহড়ায় অংশ নেওয়া সেই অস্ত্রধারী দুই ছাত্রলীগ ক্যাডারকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে গত ২৬ এপ্রিল সশস্ত্র মহড়ার ছবি প্রকাশিত হয়। গতকাল শুক্রবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শহরের জহুরুল এবং গাবতলী উপজেলার রাশেশ্বরপুর থেকে দুই ছাত্রলীগ ক্যাডারকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শহরের জহুরুল নগরের আবুল হোসেন (২০) এবং রাশেশ্বরপুরের শিববাটি এলাকার রোমান সরকার (২১)। বগুড়ার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে আবুল ও রোমানকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে বলেছেন, ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুন্নবী আহত হলে তাঁর পক্ষে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তাঁরা। তাঁরা ছাত্রলীগের কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বগুড়া সরকারি আযিযুল হক কলেজে একটি তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সশস্ত্র মহড়া হয়। এই সশস্ত্র মহড়ার ছবি পরদিন প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। সরকারের উচ্চপর্যায় থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হলে পুলিশ মাঠে নামে। পুলিশ ফটোসাংবাদিকদের কাছ থেকে ছবি সংগ্রহ করে তাঁদের শনাক্ত করে।