বগুড়ায় ছিনতাইকারী উদ্ধারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, ওসির অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ছিনতাইকারীকে উদ্ধার করতে গেলে পুলিশকে অবরুদ্ধ করে এলাকাবাসী। তবে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি অস্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কের গোলাবাড়ী এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে একদল লোক বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় মহিষাবান গ্রামের লোকজন সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের শাহাদত নামের এক ছিনতাইকারীকে আটক করে তাদের গ্রামে নিয়ে যায়। ছিনতাইকারী আটকের খবর পেয়ে গ্রামবাসী সেখানে জড়ো হয়ে তাঁকে গণপিটুনি দেয়। খবর পেয়ে টহল পুলিশ তাঁকে উদ্ধার করতে গেলে এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্য ও ছিনতাইকারীকে উদ্ধার করেন।মহিষাবান গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বগুড়া-তরনীহাট সড়কে প্রায় রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে সেখানে পুলিশকে পাওয়া যায় না। এ কারণেই গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় এবং তাঁকে উদ্ধারে আসা পুলিশ সদস্যদের অবরোধ করে। তবে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ এমন দাবি অস্বীকার করে বলেন, পুলিশ ও জনতা ছিনতাইকারী শাহাদতকে আটক করে। বিক্ষুব্ধ লোকজন আটক ছিনতাইকারীর তাত্ক্ষণিক বিচার দাবি করে। কিন্তু পুলিশ তাঁকে থানায় নিয়ে আসতে চাইলে তারা আপত্তি করে। সেখানে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। ওসি আরও জানান, শাহাদতের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে। শাহাদত বর্তমানে পুলিশ পাহারায় গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।