বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সঞ্জিত রায় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের চকসূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাকিব মিয়া (২৩) নামের একজনকে আটক করেছে। এ দিকে আজ বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম হোসেন দাবি করেন, সঞ্জিত বগুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। সঞ্জিত শহরের সেউজগাড়ি রেল কলোনির সুধীর রায়ের ছেলে।উল্লেখ্য, গত শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রোগ্রেস কোচিং সেন্টারের পরিচালক শরিফুল হক খুন হন। বগুড়া সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে সঞ্জিত ও তাঁর বন্ধু রাকিব একটি মোটরসাইকেল নিয়ে শহরের চকসূত্রাপুর থেকে সেউজগাড়ির দিকে যাচ্ছিল। এ সময় চকসূত্রাপুর এলাকায় কয়েকজন সন্ত্রাসী পথ আটকে তাঁদের এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সঞ্জিতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ রাকিবকে রাতেই আটক করে। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে নিহতের বাবা সুধীর রায় বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেছেন।