বগুড়ায় ঝুঁকিহ্রাস প্রকল্প বন্ধ হচ্ছে
বগুড়ায় বিগত সরকারের সময়ে নেওয়া ঝুঁকিহ্রাস প্রকল্পের কোটি কোটি টাকা আর আদায় হচ্ছে না। সে কারণে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের মাধ্যমে নেওয়া ’দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পটি’ এখন বন্ধ হয়ে করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণ গ্রহীতাদের কাছ থেকে সুদে-আসলে সমুদয় টাকা উত্তোলন করে কর্তৃপক্ষকে ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আর এই টাকা নিয়ে যারা ফেরত দিচ্ছে না তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হচ্ছে। ২১ অক্টোবর জেলা মাসিক সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বিগত সরকারের সময়ে দলীয় বিবেচনায় এসব টাকা বিতরণ করা হয়েছিল।জেলা ত্রাণ ও দুর্যোগ কার্যালয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষুদ্র ব্যবসা ও পশুপালন করে ক্ষতি কাটিয়ে উঠতে দুর্যোগ ঝুঁকিহ্রাস নামে প্রকল্পটি চারদলীয় জোট সরকারের সময়ে হাতে নেওয়া হয়। নামমাত্র সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে কিস্তির মাধ্যমে ফেরত নিতে এই ঋণ বিতরণ করার জন্যও নির্দেশ দেওয়া হয়।প্রকল্পের সূত্রে জানা গেছে, এই প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রকল্পটি চলমান থাকবে এবং যারা সময়মতো ঋণের টাকা পরিশোধ করবে তাদের প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানো যাবে এবং নতুন আবেদনকারীদের ঋণ দেওয়া হবে। কিন্তু তা হয়নি। প্রকল্পের অধীনে দুই দফায় জেলার ১১টি উপজেলার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০০৪-০৫ অর্থবছরে জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট ও গাবতলী—এই চারটি উপজেলার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে ওই টাকার মধ্যে প্রায় দেড় কোটি টাকাই তৎকালীন দলীয় সুপারিশে বিতরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এক বছর মেয়াদি এই ঋণের টাকা ঋণ গ্রহীতারা দুই বছরেও পরিশোধ না করতেই পরের অর্থবছরে জেলার আরও সাতটি উপজেলার জন্য আরও তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ দেওয়া এই পাঁচ কোটি টাকার মধ্যে চার কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়। অবশিষ্ট টাকা ঋণ আদায় হতাশাব্যাঞ্জক হওয়ায় বিতরণ স্থগিত রাখা হয়। এর মধ্যে যেমন সোনাতলা উপজেলার তেকানী-চুকাইনগর ইউনিয়নের জন্য যে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, ওই টাকা বিতরণের পর একটি টাকাও ঋণ গ্রহীতারা ফেরত দেয়নি।অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যানের সুপারিশে দলীয় লোকজনের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ঋণের টাকা ফেরত না দেওয়ায় ও ঋণ বিতরণে অনিয়মের কারণে চেয়ারম্যান আশরাফ আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মামলা দায়ের করেন।জেলা ত্রাণ অফিস সূত্রে আরও জানা যায়, প্রকল্পটির ঋণ লেনদেন হতাশাব্যঞ্জক হওয়ার কারণে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর প্রকল্পের সমুদয় টাকা সুদে-আসলে ফেরত চেয়েছে। ইতিমধ্যে অবিতরণ করা ৫৫ লাখ টাকা সংশ্লিষ্ট অধিদপ্তরে ফেরত দেওয়া হয়েছে। জেলা ত্রাণ অফিস সূত্রে আরও জানা যায়, নিম্নে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা করে নেওয়া এই ঋণগ্রহীতার সংখ্যা প্রায় আট হাজার।জেলা ত্রাণ কর্মকর্তা মহীসন আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ প্রকল্পের ঋণ লেনদেনের চিত্র দেখে অসন্তুষ্ট হয়ে নতুন করে ঋণ বিতরণ বন্ধ ও বিতরণ করা ঋণের টাকা সুদেআসলে ফেরত চেয়ে তাগাদা দিচ্ছে। তিনি বলেন, যারা ঋণের টাকা পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।