বগুড়ায় টিআইবি’র সাংস্কৃতিক উৎসব
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার উদ্যোগে এবং জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় দুই দিনব্যাপী তথ্যমেলা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে গত সোমবার মেলা শুরু হয়। সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠান তাদের স্টল থেকে জনগণকে তাদের সেবা সম্পর্কে তথ্য প্রদান করেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দর্শক সরকারি-বেসরকারি সেবা সম্পর্কে অবগত হন। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো তাদের সেবাসংক্রান্ত প্রচার পুস্তিকা, পোস্টার, তথ্যপত্রসহ বিভিন্ন উপকরণ প্রদর্শন ও বিতরণ করে।গতকাল মঙ্গলবার সমাপনী দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামির হোসেন। আলোচনা করেন সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ, পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান, মীর ইকবাল হোসেন প্রমুখ। মেলার শেষ দিনে ছিল তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে তথ্য অধিকার আইন-সম্পর্কিত গম্ভীরা, সনাকের ইয়েস গণনাট্যদলের দুর্নীতিবিরোধী গণনাটক এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।