বগুড়ায় ডিসির কক্ষে আ.লীগ নেতার হাতে লাঞ্ছিত মুক্তিযোদ্ধারা
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের হাতে অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ ১৮ জন মুক্তিযোদ্ধা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বেশ কয়েকজন লোক নিয়োগ করা হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির কোটা পূরণ করা হয়নি। এ পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমিনুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার আবদুল কাদেরসহ ১৮ জন মুক্তিযোদ্ধা গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় জেলা প্রশাসকের কক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলের পক্ষে জেলা কমান্ডার আমিনুল ইসলাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, চাকরির ক্ষেত্রে বগুড়ায় মুক্তিযোদ্ধা কোটা মানা হচ্ছে না। সম্প্রতি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে লোক নিয়োগের ব্যাপারে তাঁদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের আটজনের একটি তালিকা দেওয়া হয়েছিল। তাঁদের একজনকেও চাকরি দেওয়া হয়নি। এ সময় জেলা প্রশাসক বলেন, যাঁদের তালিকা দেওয়া হয়েছিল, তাঁরা মেধা তালিকায় আসতে পারেননি। মুক্তিযোদ্ধারা এ সময় জেলা প্রশাসকের কাছে জানতে চান, মুক্তিযোদ্ধা কোটায় যে আটজনকে চাকরি দেওয়া হয়েছে, সেই তালিকা কে দিয়েছেন? এ সময় মমতাজ উদ্দিন উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের কে দায়িত্ব দিয়েছে এসব চাকরির কোটা পূরণ করার। এই আটজনের তালিকা আমি দিয়েছি। বগুড়ায় স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করি আমি।’ তিনি রতন নামের এক মুক্তিযোদ্ধাকে বলেন, ‘তুই কিসের মুক্তিযোদ্ধা?’একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। এ সময় জেলা প্রশাসক দুই পক্ষের মাঝখানে এসে বলেন, ‘আমার চেম্বারের মধ্যে কোনো কিছু করবেন না। দয়া করে আপনারা বাইরে গিয়ে কথা বলেন।’ লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে আমিনুল ইসলাম বলেন, ‘চাকরির ক্ষেত্রে বগুড়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ঠিকমতো মানা হচ্ছে না। জেলা আওয়ামী লীগের সভাপতির দেওয়া তালিকা অনুযায়ী চাকরি দেওয়া হচ্ছে। আমাদের লাঞ্ছিত করার প্রতিবাদে ৩০ জুলাই সংবাদ সম্মেলন করা হবে। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করব।’আমিনুল ইসলাম অভিযোগ করেন, ‘মমতাজ উদ্দিন যে তালিকা দিয়েছেন, তাঁরা কেউ মুক্তিযোদ্ধার সন্তান নন। তাঁর এ ধরনের তালিকা দেওয়ার কোনো অধিকার নেই। আইন অনুযায়ী, মুক্তিযোদ্ধা সংসদই এ ধরনের তালিকা দিতে পারে।’বগুড়া সদর উপজেলা কমান্ডার আবদুল কাদের বলেন, ‘যেভাবে অপমান করা হয়েছে তা বলার ভাষা আমাদের জানা নেই। মমতাজ উদ্দিন মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা নিয়ে ব্যবসা করেছেন। এর প্রতিবাদ করার জন্যই তিনি আমাদের ওপর ক্ষিপ্ত।’ জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান বলেন, মুক্তিযোদ্ধা সংসদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল। একপর্যায়ে সেখানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে তাদের বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় তিনি উভয় পক্ষকে তাঁর কক্ষের বাইরে গিয়ে কথা বলতে বলেছেন। পরে তাঁরা সেখান থেকে চলে যান।অভিযোগের ব্যাপারে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যদি কোনো অভিযোগ থাকে তাঁদের আমার বিরুদ্ধে মামলা করতে বলেন।’